ঈদ-উল-আজহায় এ বছর সারা দেশে মোট এক কোটি ৪১ হাজার ৮১২টি গবাদি পশু কোরবানি হয়েছে। ২০২২ সালের ঈদে সারা দেশে কোরবানি হয়েছিল ৯৯ লাখ ৫০,৭৬৩টি। যা ২০২১ সালে ছিল ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি। ২০২২ সালের তুলনায় এবার ৯১,০৪৯টি পশু বেশি কোরবানি হয়েছে।
শুক্রবার (৩০ জুন) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে।
মাঠপর্যায় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে ২৫ লাখ ৪৮,১৮৪টি, চট্টগ্রাম বিভাগে ২০ লাখ ৫১,৭৭৭টি, রাজশাহী বিভাগে ২১ লাখ ৩২,৪৬৯টি, খুলনা বিভাগে নয় লাখ ৪৯,৫৮১টি, বরিশাল বিভাগে চার লাখ ৩০,৬৭৩টি, সিলেট বিভাগে তিন লাখ ৯৪,০৩৯টি, রংপুর বিভাগে ১১ লাখ ৪৯,১৮৭টি এবং ময়মনসিংহ বিভাগে তিন লাখ ৮৫,৯০২টি গবাদি পশু কোরবানি হয়েছে।
কোরবানি হওয়া পশুর মধ্যে ৪৫ লাখ ৮১,০৬০টি গরু, এক লাখ ৭,৮৭৫টি মহিষ, ৪৮ লাখ ৪৯,৩২৮টি ছাগল, পাঁচ লাখ ২,৩০৭টি ভেড়া এবং ১,২৪২টি অন্যান্য পশু। এর মধ্যে ঢাকা বিভাগে ১১ লাখ ৭১,২১৭টি গরু, ৬,৪৮০টি মহিষ, ১২ লাখ ৬৭,৫৯৫টি ছাগল, এক লাখ ২,০১৬টি ভেড়া ও অন্যান্য ৮৭৬টি পশু।
চট্টগ্রাম বিভাগে ১২ লাখ ২৯,০৬২টি গরু, ৮৭,২১৪টি মহিষ, ছয় লাখ ৪১,৯৭৮টি ছাগল, ৯৩,১৮১টি ভেড়া ও অন্যান্য ৩৪২টি পশু। রাজশাহী বিভাগে সাত লাখ ১১,০০০ গরু, ৯,৪৬৯টি মহিষ, ১২ লাখ ৩১,০০০ ছাগল ও এক লাখ ৮১,০০০ ভেড়া। খুলনা বিভাগে দুই লাখ ৭০,২১৯টি গরু, ১,৪৯২টি মহিষ, ছয় লাখ ৫২,৭৩১টি ছাগল, ২৫,১২৩টি ভেড়া ও অন্যান্য ১৬টি পশু। বরিশাল বিভাগে দুই লাখ ৭৬,৬৩৫টি গরু, ৯৮৯টি মহিষ, এক লাখ ৫১,৫৬৪টি ছাগল ও ১,৪৮৫টি ভেড়া।
সিলেট বিভাগে এক লাখ ৯৯,১৭২টি গরু, ১,১৫৩টি মহিষ, এক লাখ ৭২,০৭৪টি ছাগল ও ২১,৬৪০টি ভেড়া। রংপুর বিভাগে পাঁচ লাখ ৩৬,৭২০টি গরু, ২৬৯টি মহিষ, পাঁচ লাখ ৪৬,৩৫৭টি ছাগল ও ৬৫,৮৩৩টি ভেড়া এবং ময়মনসিংহ বিভাগে এক লাখ ৮৭,০৩৫টি গরু, ৮০৯টি মহিষ, এক লাখ ৮৬,০২৯টি ছাগল ও ১২,০২৯টি ভেড়া কোরবানি হয়েছে।
উল্লেখ্য, এ বছর সারা দেশে কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা ছিল এক কোটি ২৫ লাখ ৩৬,৩৩৩টি।



