কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত বলেছেন, “ফলাফল যাই হোক না কেন মেনে নেব।”
বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি এ কথা বলেন।
বিজয়ী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আরফানুল হক রিফাত বলেন, “ভোটের পরিবেশ খুবই সুন্দর। আমি ভোটারদের বলব কেন্দ্রে এসে ভোট দিতে।”
তিনি বলেন, “ভোটের ফলাফল যাই হোক না কেন, আমি তা মেনে নেব।”
এবার কুমিল্লা সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬। আর তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।
এবারের নির্বাচনে মেয়র পদে ৫, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী হয়েছেন। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডেই ইলেকট্রনি ভোটিং মেশিন (ইভিএমে) ভোটগ্রহণ হচ্ছে।
এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত ও বিএনপি থেকে বহিষ্কৃত ও সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কুর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।



