বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ভারী বর্ষণ হতে পারে; এর ফলে পাহাড়ে ভূমিধসের শঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর এমন শঙ্কার কথা জানিয়েছে। এমন শঙ্কার পরিস্থিতিতে রাঙামাটির পাহাড়ের ঢালে বসবাস করা মানুষদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
এছাড়া শনিবার (১৩ মে) বিকেল ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, মোখা মোকাবিলায় সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাঙামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৯টি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে। ২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা রবিবার যেকোনো সময় স্থলভাগে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় মোখার প্রভাবে রাঙামাটি পার্বত্য জেলায় প্রবল বৃষ্টিপাত এবং ভূমিধসের আশঙ্কা রয়েছে। এ জন্য রাঙামাটি পার্বত্য জেলায় পাহাড়ের ঢালে এবং ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করা সব লোকজনকে প্রবল বর্ষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে অবস্থান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, শহরে ২১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা রয়েছে। দুপুরের পর থেকে জেলা প্রশাসন, পৌরসভা ও তথ্য অফিস থেকে সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে। যেকোনো জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের ফোন নম্বর- ০১৮২০-৩০৮৮৬৯, ০২৩৩৩৩৭১৬২৩।



