আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদের মাছ ধরা বন্ধ হচ্ছে। মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি এবং হ্রদের ভারসাম্য রক্ষা করতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১২টার পর থেকে তিন মাসের এই নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। ৩১ জুলাই পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ থাকবে।
এর আগে, ২০ এপ্রিল রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। নিষিদ্ধ সময়ে কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ ধরা, সংরক্ষণ ও বাজারজাতকরণসহ জেলার স্থানীয় বরফকলগুলোও বন্ধ থাকবে।
রাঙ্গামাটির মৎস্য উন্নয়ন কর্পোরেশন জানিয়েছে, পানি কমতে থাকায় এবং হ্রদের মা মাছের প্রজননের সময় ঘনিয়ে আসায় আজ রাত ১২টার পর থেকে তিন মাস কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন মাস নিষেধাজ্ঞাকালীন সময়ে কাপ্তাই হ্রদ নির্ভরশীল জেলে পরিবারগুলোকে ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেবে সরকার।
কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণণকেন্দ্রের উপ-ব্যবস্থাপক মো. মাসুদ আলম সংবাদমাধ্যমকে বলেন, “হ্রদের মাছের প্রজননের সময় ঘনিয়ে আসা ও হ্রদের পানি কমতে থাকায় ছয় দিন আগে এবার কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ হচ্ছে। যাতে করে শেষ সময়ে এসে মা মাছগুলো ধরা না হয়। এসময় মাছ ধরা বন্ধে বিএফডিসি ও নৌ-পুলিশের টহল অব্যাহত থাকবে।”
কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত ও সুষম বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত মাছ শিকার বন্ধের নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। তবে চলতি বছর হ্রদের মা মাছের প্রজননের সময় ঘনিয়ে আসায় ছয় দিন আগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।



