ঢাকার মোহাম্মদপুর রায়েরবাগ এলাকায় স্বামীকে কুপিয়ে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক নারী।
বৃহস্পতিবার (২২ জুন) রায়েরবাগ সাদিক খান রোডে ভোর সোয়া ৪টার দিকে স্বামী রিকশাচালক শামীম মিয়াকে (৪০) হত্যা করেন তার স্ত্রী বানু বেগম (৩১)।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, আড়াই বছর আগে তাদের বিয়ে হয়। সাদেক খান লেন এলাকার একটি বাসায় থাকতেন এই দম্পতি। পারিবারিক কলহের জেরে ভোর ৪টার দিকে শামীম ও তার স্ত্রী বানু বেগমের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বানুর ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান তার স্বামী।
ঘটনার পর তিনি ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা পুলিশকে জানান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বানু বেগমের দেওয়া তথ্যের বরাতে ৯৯৯-এর পুলিশ পরিদর্শক (জনসংযোগ) আনোয়ার সাত্তার বলেন, তিনি নিহত শামীম মিয়ার দ্বিতীয় স্ত্রী। তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। যৌতুকের জন্য স্বামী তাকে প্রায়ই মারধর করতেন। অতিষ্ঠ হয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম।



