মাদারীপুরের শিবচর উপজেলায় বসতবাড়ি থেকে একটি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে এটি উদ্ধার করা হয়।
শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ব্যাপারীকান্দি এলাকার কৃষক মিজানুর রহমানের বাড়ি থেকে সেটি উদ্ধার করা হয়।
ছয় মাস ধরে ওই বাড়িতে গ্রেনেডসদৃশ বস্তুটি ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয় মাস আগে স্থানীয় একটি মাঠে খেলার সময় মাঠের দক্ষিণ দিকের একটি ঝোপের মধ্যে গ্রেনেডসদৃশ একটি বস্তু দেখতে পায় দুই শিশু।
তারা বস্তুটি উদ্ধার করে প্রতিবেশী কৃষক মিজানুর ব্যাপারীর মেয়ে কলেজছাত্রী সুমাইয়া আক্তারকে দেখায়। সুমাইয়া সেটি চিনতে না পেরে নিজেদের ঘরে রেখে দেন। এরই মধ্যে শিবচরের সন্ন্যাসীরচরে উদ্ধার হওয়া গ্রেনেডটি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা সংবাদটি নজরে পড়ে সুমাইয়ার। তিনি ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। রাত ১১টার দিক ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল সুমাইয়াদের বাড়িতে গিয়ে গ্রেনেডসদৃশ বস্তুটি উদ্ধার করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “উদ্ধার করা গ্রেনেডসদৃশ বস্তুটি সচল আছে কি না, তা বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করা হবে। তবে এটিতে মরিচা ধরেছে। এটিও দুই ইঞ্চি লম্বা। আগের উদ্ধার হওয়া গ্রেনেডের সঙ্গে এটির বেশ মিল রয়েছে।“
পরিদর্শক মো. সেলিম রেজা বলেন, “বালতির মধ্যে বালুচাপা দিয়ে গ্রেনেডসদৃশ বস্তুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি আদালতকে জানানো হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।“



