কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক সভায় “মদমুক্ত পূজা” করার আহ্বান জানিয়েছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। সম্প্রতি তার দেওয়া বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর এমপি বাহারের বক্তব্যের নিন্দা জানান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।
তারা বলছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এমপি বাহারকে মনোনয়ন দেওয়া হলে এর খেসারত দিতে হবে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের এমন মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে কুমিল্লা টাউন হল মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করে কুমিল্লা পূজা উদযাপন পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন এমপি বাহার।
তিনি বলেন, “দিল্লি-কলকাতায় পূজার সময় মাদক নিষিদ্ধ, শুধু আমি বললেই দোষ।” এ সময় তিনি হাতে থাকা বিভিন্ন পত্রিকার কাটিং তুলে ধরেন এবং পড়ে শোনান।
এমপি বাহার বলেন, “মদ খেয়ে মেয়েদের বিরক্ত করবে, নারী পূজারিদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করবে- তা হতে দেওয়া হবে না। আমি আবারও বলবো আপনারা মদমুক্ত পূজা করেন।”
তিনি বলেন, “আমাকে মনোনয়ন দিলে নাকি খেসারত দিতে হবে। কী খেসারত দিতে হবে? শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের স্যাংশনকে ভয় পায় না। তাদের কথায় নমিনেশন দেবে নাকি? মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তাদের থেকে আমাদের অবদান বেশি।”
কুমিল্লায় ঈদের সময় রাস্তার গলিতে গলিতে এক সময় মদ খাওয়া হতো উল্লেখ করে তিনি বলেন, “মেয়েরা রাস্তা দিয়ে যাওয়ার সময় কোক বলে মদ খাওয়াতো। আর মদ খেলেই ৫০০ টাকা দিতে হতো। এই সময় এখন আছে? আমি বন্ধ করেছি। আর আমার বিরুদ্ধেই ষড়যন্ত্র করা হচ্ছে। আমি বলে দিলাম। আ ক ম বাহাউদ্দিন বাহার থাকতে এসব ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর পূজা উৎযাপন পরিষদের সভাপতি শিব প্রসাদ রায়, সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি পাপড়ি বসুসহ আরও অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা নগরীর ৯১টি পূজা মণ্ডপের প্রতিনিধি ও পূজারীরা।
বক্তব্যের শেষ দিকে এমপি বাহাউদ্দিন বলেন, “আমি সিভিল সার্জনকে বলবো, পূজার সময় সার্বক্ষণিক হাসপাতাল খোলা রাখবেন। মদ খাওয়া লোক আপনার এখানে আনা হবে। ভালো করে ওয়াশ করে দেবেন। যেন আর কোনো দিন মদ মুখে না নেয়।”



