Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইমামকে চাকরিচ্যুত-পানিতে চোবানোর হুমকি: সেই ইউএনও রাঙ্গামাটিতে বদলি

গত ১৩ অক্টোবর জুমার সময় ইউএনওকে কাতার সোজা করতে বলেন ইমাম। নামাজ শেষে রাগান্বিত হয়ে ইউএনও বলেন, আপনাকে এখন পানিতে চুবাবো। আপনি কীভাবে ইমাম হলেন সে বিষয়ে ইন্টারভিউ নেবো

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১১:৫৩ এএম

নামাজের কাতার সোজা করতে বলায় ইমামকে চাকরিচ্যুত ও পানিতে চুবিয়ে মারার হুমকি দেওয়া কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী অফিসার ফোরকান এলাহী অনুপমকে রাঙ্গামাটিতে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলমের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

রবিবার (২২ অক্টোবর) রাতে দেওয়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ইউএনও ফোরকান এলাহী অনুপমকে রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় বদলি করা হয়েছে। তার স্থলে নিয়োগ পেয়েছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন, “সরকারি চাকরিজীবীদের যেকোনো সময় যেকোনো স্থানে বদলি করা হতে পারে। এটি প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ।”

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর জুমার সময় ইউএনও ফোরকান এলাহী অনুপমকে কাতার সোজা করতে বলেন লালমাই উপজেলার ভাটরা কাছারী জামে মসজিদের ইমাম মাওলানা আবুল বাশার। পরে নামাজ থেকে বের হয়ে ইমাম জানতে পারেন যে তিনি লালমাই উপজেলার ইউএনও। তখন তিনি ইউএনও ফোরকান এলাহী অনুপমকে চিনতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেন।

এ সময় রাগান্বিত হয়ে ইউএনও বলেন, “আপনাকে এখন পানিতে চুবাবো। আপনি কীভাবে ইমাম হলেন সে বিষয়ে ইন্টারভিউ নেবো।”

সেখান থেকে ফেরার পথে ওই ইমাম জানতে পারেন তার আর চাকরি নেই। পরদিন শনিবার বিষয়টি জানাজানি হলে সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। পরদিন ১৫ অক্টোবর বিকেলে কুমিল্লার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মুশফিকুর রহমানের মধ্যস্থতায় ইউএনও ও ইমামের বিরোধের মীমাংসা হয়। ইউএনও ফোরকান এলাহী অনুপম ইমামের কাছে দুঃখ প্রকাশ করেন।

   

About

Popular Links

x