Friday, July 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্মারক স্বর্ণমুদ্রার দাম বেড়ে লাখ টাকা

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দাম বাড়ার কারণে মুদ্রার দাম বাড়া‌নো হ‌য়ে‌ছে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৬ পিএম

বাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্মারক স্বর্ণমুদ্রার দামও বাড়া‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ ব্যাংক। এতদিন প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার দাম ছিল ৯৫,০০০ টাকা। প্রতিটি মুদ্রার দাম ৫,০০০ টাকা করে বাড়িয়ে তা ১ লাখ টাকা করা হয়েছে। এছাড়া স্মারক রৌপ্য মুদ্রার দাম ১,০০০ টাকা বা‌ড়ি‌য়ে ৬,০০০ টাকা করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ দাম বুধবার (২৭ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দাম বাড়ার কারণে মুদ্রার দাম বাড়া‌নো হ‌য়ে‌ছে।

বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০”, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ” এবং “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১” শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারেট মানের স্বর্ণের তৈরি ও প্রতিটির ওজন ১০ গ্রাম।

বর্তমানে বাজারে ১১টি স্মারক রৌপ্যমুদ্রা (ফাইন সিলভার) রয়েছে। এর মধ্যে আছে, “বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী-১৯৯৬”, “বাংলাদেশ ব্যাংক রজতজয়ন্তী-১৯৯৬”, “বঙ্গবন্ধু সেতু উদ্বোধন-১৯৯৮”, “বাংলাদেশের ৪০তম বিজয় বার্ষিকী”, “বিদ্রোহী কবিতার ৯০ বৎসর”, “রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী-২০১১”, “আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ-বাংলাদেশ ২০১১”, “বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ ১৯১৩-২০১৩”, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ”, “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১” এবং “বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি”-এর মুদ্রা রয়েছে। এসব রুপার স্মারক মুদ্রার ওজন ২০ গ্রাম থেকে ৩১.৪৭  গ্রাম। এসব স্মারক রৌপ্য মুদ্রার দাম ৬,০০০ টাকা।

এদিকে, গত ২৩ ডি‌সেম্বর সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা ২৪ ডি‌সেম্বর থেকে কার্যকর হয়। ওই মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এখন ১ লাখ ১১ হাজার ৪১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬ হাজার ২৬ টাকা, ১৮ ক্যারেটের ৯০,৮৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৫,৬৯৯ টাকা।

   

About

Popular Links

x