Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গ্যাসহীন চট্টগ্রামে খাবারের খোঁজে রেস্টুরেন্টে ভিড়, সড়কে গাড়ি কম

সকাল থেকে গ্যাস না থাকায় বাসা-বাড়িতে রান্না হয়নি। কখন এ সমস্যার সমাধান হবে সুনির্দিষ্ট করে বলতে পারছে না কর্তৃপক্ষ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৭:২৩ পিএম

হঠাৎ করেই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চট্টগ্রামবাসী। রান্না করতে না পেয়ে অনেকেই হোটেল-রে্টেুরেন্টে খাবারের জন্য লাইন দিয়েছেন। কিন্তু গ্যাস বন্ধ থাকায় অনেক হোটেলেও রান্না হয়নি। নগরের ফিলিং স্টেশনগুলোতেও গ্যাস মিলছে না। এ কারণে সড়কে কমে গেছে সিএনজিচালিত অটোরিকশার চলাচল।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। আগে থেকে কোনো বিজ্ঞপ্তি প্রচার না করায় এ নিয়ে গ্রাহকদের কোনো রকম প্রস্তুতি ছিল না।

কখন এ সমস্যার সমাধান হবে সে ব্যাপারে সুনির্দিষ্টভাবে বলতে পারছে না চট্টগ্রামে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

যদিও পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশখালির এলএনজি টার্মিনালে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় চট্টগ্রামে সকাল থেকেই গ্যাস নেই।

এদিকে, গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় চট্টগ্রামে বাসা-বাড়ির চুলাও জ্বলছে না। সকাল থেকে নগরীর বাসা-বাড়িতে গ্যাস না থাকায় চুলায় রান্না হয়নি। হোটেল-রেস্টুরেন্টগুলোতে বেড়েছে ভিড়। কোনো কোনো হোটেলে রান্না না হওয়ায় খাবার মিলছে না। অনেকে বিকল্প উপায়ে মাটির চুলায় রান্না করছেন।

এছাড়া সড়কে কমেছে গ্যাসচালিত সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যানবাহন। যেসব গাড়ি সড়কে চলাচল করছে সেগুলো যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। নগরীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।

নগরীর মুরাদপুর এলাকার বাসিন্দা মোরশেদ আলম অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে জানান, “সকালে ঘুম থেকে উঠে দেখি চুলা জ্বলছে না। দুপুরের খাবার হোটেল থেকে কিনে আনতে হয়েছে। রাতে কী হয় তা বুঝতে পারছি না। এমনিতেই গত কয়েক মাস ধরে নগরীতে গ্যাসের সমস্যা লেগেই আছে।”

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অপারেশন ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী আমিনুর রহমান বলেন, “চট্টগ্রাম এলএনজি গ্যাসের ওপর নির্ভরশীল। মহেশখালীর দুটি এলএনজি টার্মিনাল থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহ করা হয়। সিঙ্গাপুর থেকে সংস্কার হয়ে আসা একটি এলএনজি টার্মিনাল কমিশনিং করতে গিয়ে সকাল থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এ কারণে চট্টগ্রামে গ্যাস নেই। কবে নাগাদ সচল হবে সেটি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।”

   

About

Popular Links

x