ঝালকাঠি গাবখান ব্রিজের টোল প্লাজায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয় জনসহ মোট ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে ঘাতক ট্রাকটির চালক ও তার সহযোগীকে। ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঝালকাঠি গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করেন। তারা হলেন ট্রাকচালক আলামিন হাওলাদার (২৯)। তার বাবার নাম আনসার উদ্দিন। বাড়ি ঝালকাঠি সদর উপজেলার নবগ্রামে। চালকের সহকারী নাজমুল শেখের (২২) বাড়ি খুলনায়।
বুধবার দুপুরে ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেট কার ও অটোরিকশার সংঘর্ষে ১৪ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। দুপুর ২টার দিকে সদর উপজেলার গাবখান ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জেলা সিভিল সার্জন ড. জহিরুল ইসলাম ১৪ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন গাবখান ইউনিয়নের নজরুল ইসলাম (৩৫), ওস্তাখানার সফিকুল মাঝি (৫০), শেখেরহাটের আতিকুর রহমান সাদি (১১), বিমানবাহিনীর সদস্য ইমরান হোসেন (৪০), কাঁঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের তাহমিনা বেগম (২৫), তার মেয়ে নূরজাহান (৭), রাজাপুরের প্রাইভেটকারচালক ইব্রাহিম (৪০), রাজাপুরের উত্তর সাউথপুর এলাকার হাসিবুর রহমান (৪০), হাসিবুরের স্ত্রী সোনিয়া বেগম (৩০), মেয়ে তানিয়া আক্তার (৩), ছেলে তাহমিদ রহমান (১), সাউথপুরের নিপা আক্তার (২২), স্বরূপকাঠির রুহুল আমিন (৩০) ও গাবখানের শহিদুল ইসলাম (৩৫)।



