অতিরিক্ত মদপানে এক লেগুনাচালকের মৃত্যু হয়েছে। জনি (২৬) নামের ওই তরুণ ঈদের আগের দিন অতিরিক্ত মদপান করে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে তিনি মারা যান।
মৃতের স্বজনরা জানিয়েছেন, ঈদের আগের দিন ডিউটি শেষে মদপান করে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন জনি। ঈদের দিন সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
সংবাদ পেয়ে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করেন। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য জনির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর বিকেলে স্বজনরা মরদেহটি নিয়ে যায়।
জনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর বরগাঁও গ্রামের বাসিন্দা।



