Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্যানারিতে ঢুকেছে সাড়ে ৬ লাখের বেশি কোরবানির পশুর চামড়া

কাঁচা চামড়ায় লবণ মাখাচ্ছেন শ্রমিকরা। থরে থরে সাজিয়ে রাখা হচ্ছে এসব লবণ মাখানো চামড়া

আপডেট : ১৮ জুন ২০২৪, ১০:৩০ পিএম

ঈদ-উল-আজহা ও এর পর দিন মিলিয়ে ঢাকার সাভার বিসিক চামড়া শিল্পনগরীতে ৪ লাখ ৬০ হাজারের বেশি কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে। এর পাশাপাশি ঢাকার লালবাগের পোস্তার ব্যবসায়ীরা দেড় লাখের মতো চামড়া সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (১৮ ‍জুন) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক ঢাকা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

ঈদ-উল-আজহার দিন সোমবার দুপুর থেকে সাভার চামড়া শিল্পনগরীতে কোরবানির পশুর কাঁচা চামড়া ঢুকতে শুরু করে।

মঙ্গলবার বিকেল পর্যন্ত সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় অবস্থিত এই চামড়া শিল্পনগরীতে ৪ লাখ ৬০ হাজার কাঁচা চামড়া এসেছে। অন্যদিকে, ঢাকার লালবাগের পোস্তায় দেড় লাখের মতো চামড়া সংগ্রহ করা হয়েছে। সবমিলিয়ে দুই দিনে ৬ লাখের বেশি কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলের দিকে সাভার চামড়া শিল্পনগরী ঘুরে দেখা যায়, চামড়াবাহী ট্রাক ঢুকছে শিল্পনগরীতে। আর ট্যানারিগুলোতে চলছে কর্মব্যস্ততা। কাঁচা চামড়ায় লবণ মাখাচ্ছেন শ্রমিকরা। থরে থরে সাজিয়ে রাখা হচ্ছে এসব লবণ মাখানো চামড়া।

ঢাকার সাভারের চামড়া শিল্পনগরীতে আসা কাঁচা চামড়ায় লবণ মাখিয়ে সাজিয়ে রাখছেন ট্যানারি শ্রমিকরা/ঢাকা ট্রিবিউন

সাজেদুল হক নামে এক ট্যানারি শ্রমিক বলেন, “গতকাল থেকেই চামড়া আসার সঙ্গে সঙ্গে সেগুলো পরিস্কার করে লবণ মাখাচ্ছি।”

ট্যানারি মালিকরা জানান, সোমবার দুপুর থেকে বিভিন্ন মাদরাসা ও মৌসুমী ব্যবসায়ীরা চামড়া নিয়ে আসতে শুরু করেন। 

সাভার চামড়া শিল্পনগরীতে অবস্থিত আজমির লেদারের স্বত্তাধিকারী মো. শহীদুল্লাহ বলেন, “এখানে লবণ ছাড়া কাঁচা চামড়া ঢুকছে। এগুলো লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। এভাবে অন্তত দুই-আড়াই মাস রাখা যাবে।”

তিনি বলেন, “আমরা সরাসরি মাদরাসা থেকে চামড়া কিনছি। আগেই কথা বলা ছিল। সেগুলোই নিচ্ছি। লবণ মাখাতে ২০০-২৫০ টাকা লাগে। তাছাড়া সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে- লবণযুক্ত চামড়া ১২০০ টাকা করে, লবণ মাখানোর খরচ বাদ দিয়ে ওই দামেই কাঁচা চামড়া কেনা হচ্ছে।”

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক ও সালমা ট্যানারির ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত উল্লাহ বলেন, “ঈদের দিন ও আজ যে পরিমাণ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল তার বেশিরভাগই পূরণ হয়েছে। সরকার নির্ধারিত দামে চামড়া সংগ্রহ করা হচ্ছে। আশা করছি লক্ষ্যমাত্রা পূরণ হবে।”

চামড়া শিল্পনগরীর প্রস্তুতির বিষয়ে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীর নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান রিজোয়ান বলেন, “এখন পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ চামড়া ঢুকেছে ট্যানারিতে। আরও চামড়া ঢোকার সম্ভাবনা আছে।”

বিসিক চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক বলেন, “শেষ খবর পাওয়া পর্যন্ত সাভার ট্যানারিতে ৪ লাখ ৬০ হাজার চামড়া প্রবেশ করেছে। এবার দেশে রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন হয়েছে। আমরা প্রান্তিক পর্যায়ে প্রত্যেক জেলায় ডিলারের মাধ্যমে পর্যাপ্ত লবণ সরবরাহ করার ব্যবস্থা করেছি এবং লবণের মূল্য গতবারের চেয়ে কেজিতে দুই টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “এখন পর্যন্ত দেশের কোথাও লবণ সংকটে পড়েছে বলে খবর পাইনি। চামড়ার মূল্যের বিষয়টা বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনার খবর পাইনি।”

   

About

Popular Links

x