Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মোজাম্মেল হক: ডিজাইন দেখেই বোঝা যাবে মুক্তিযোদ্ধার কবর

মন্ত্রী বলেন, ‘আমরা পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে পেরেছি। কিন্তু কোটা আন্দোলনের বিষয়ে আমাদের সন্তানেরা কোথাও একটা শব্দ করেছে?’

আপডেট : ২০ জুন ২০২৪, ০৯:২৯ পিএম

জুলাই মাস থেকে সারাদেশে সকল মৃত বীর মুক্তিযোদ্ধার জন্য একই ডিজাইনের কবর করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, “যাতে দূর থেকে কবর দেখে যে কেউ সহজেই বুঝতে পারে, এটা মুক্তিযোদ্ধার কবর।”

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মধ্য ভদ্রঘাট এলাকায় মুক্তিযোদ্ধাদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সম্মান অনেকগুণ বাড়িয়ে দিয়েছেন। আপনারা সঙ্গে থাকলে বীর মুক্তিযোদ্ধাদের সকল দাবি পূরণ করা হবে। চিকিৎসার ব্যাপারে মুক্তিযোদ্ধাদের জন্য ঢাকায় উন্নত ২২টি হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসার জন্য স্পেশাল বরাদ্দ দেওয়া হয়েছে।”

আ. ক. ম মোজাম্মেল হক বলেন, “মুক্তিযোদ্ধাদের সন্তানদের অধিকার রক্ষা করা উচিত। আপনারা বীরের সন্তান, বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা হয়ে যদি বিড়াল হয়ে যান। তাহলে কি হবে? আমরা পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে পেরেছি, স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু কোটা আন্দোলনের বিষয়ে আমাদের সন্তানেরা কোথাও একটা শব্দ করেছে?”

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, “মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নির্বাচনের পর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়ানোসহ অন্যান্য দাবি নিয়ে আলোচনা হবে। সেপ্টেম্বরের ২৮-২৯ তারিখে সারাদেশে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন হবে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। তিনিই নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।”

এ সময় সংসদ সদস্য জান্নাত আরা তালুকদার হেনরী, শফিকুল ইসলাম শফি, জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে. এম. হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ সবুজ, নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x