ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব শিক্ষার্থীদের জন্য আবাসিক হলের দাবিতে মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা শতভাগ আবাসিকীকরণের দাবিতে এই মানববন্ধন করেন।
এ সময় তারা বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এগুলোতে লেখা ছিল- “ক্লাস শুরুর আগে সিটের ব্যবস্থা করতে হবে”, “সিট স্টক আবার কী জিনিস”, “সিট কই সিট কই হলে আমার সিট কই”, “আবাসনের চিন্তা ছাড়তে চাই”, “বৈধ সিট আমার অধিকার”, “শিক্ষার্থীদের প্রতি হলের স্টাফদের আচরণ খারাপ কেন?”
মানববন্ধনে শিক্ষার্থীরা ৬ দফা দাবি পেশ করেন। তাদের দাবিগুলো হল-
১। ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করতে হবে ২। ১ম বর্ষের ১ম দিন থেকেই সিট প্রদান করতে হবে ৩। মেয়েদের হল সংখ্যা বাড়াতে হবে ৪। নতুন হল নির্মাণের আগে অব্দি যাদের আবাসন সমস্যা আছে, ক্লাস শুরুর আগে তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।এবং সাত দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে ৫। হলগুলোর সংস্কার করতে হবে।(বিল্ডিং গুলো নিরাপদ কিনা তা পরীক্ষা করা,খাবারের মান উন্নয়ন,স্বাস্থ্য সেবা,লন্ড্রী সেবা,বিশুদ্ধ পানি,স্যানিটাইজেশান,অবকাঠামোগত সংস্কার,প্রসাশন কর্তৃক তদারকি ইত্যাদি।) ৬। মেয়েদের হলের আসেপাশে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “হলে সিট পাওয়া প্রতিটি শিক্ষার্থীর অধিকার। কিন্তু এতদিন নানাভাবে আমাদের সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা প্রথম বর্ষ থেকেই হলে সিট চাই। আমাদের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করা হোক।”
শিক্ষার্থী সুর্মী চাকমা ঢাকা ট্রিবিউনকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী ঢাকার বাহির থেকে আসে। আমাদের ঢাকায় থাকার কোন জায়গা থাকে না। হলে সিট না পেয়ে বাধ্য হয়ে বাহিরে থাকতে হয় আমদের। যা আমাদের জন্য কষ্টকর। টিউশনি করে আমাদের খরচ চালাতে হয়। এই অবস্থায় আমরা হলে প্রথম বর্ষ থেকে বৈধ সিট চাই। এটা আমাদের অধিকার। ”



সচিবালয়ের সামনে শতাধিক ঢাবি শিক্ষার্থীর অবস্থান