বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার বিক্ষোভে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে সুনামগঞ্জের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “গত ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ চলাকালে যে হামলা হয়েছিল, সে ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে এম এ মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে তাকে পুলিশের হেফাজতে রাখা রাখা হবে। পরে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে।”
গত ৪ অগাস্টে ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার সময় গুলিবিদ্ধ হন জেলার দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলী। এ ঘটনায় তার ভাই হাফিজ আহমদ ২ সেপ্টেম্বর এমএ মান্নানসহ ৯৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
এলাকাবাসীরা বলছেন, অগাস্টের শুরু থেকে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন এমএ মান্নান। এলাকাবাসী তার হিজলবাড়ি পাহাড়া দিয়ে ছিলেন। ফলে ৫ অগাস্টের পরও কেউ তার বাড়িতে হামলা করতে পারেনি।
সাবেক আমলা এম এ মান্নান ২০০৮ সালে প্রথম নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। অবশ্য ২০০৩ সালে চাকরি থেকে অবসরের পর ২০০৫ সালে সুনামগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে হেরে গিয়েছিলেন এম এ মান্নান। এরপর ২০১৪ সালে দশম এবং ২০১৮ সালে একাদশ নির্বাচনেও জয় পান তিনি।
২০১৪ সালে শুরুতে তাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর চার মাস পর তার দায়িত্বে যুক্ত হয় অর্থ মন্ত্রণালয়ও। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের পর তাকে করা হয় পরিকল্পনামন্ত্রী।
তিনি টানা চতুর্থবার সংসদ সদস্য হন ২০২৪ সালের ৭ জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনে। তবে এ মেয়াদে মন্ত্রিসভায় রাখা হয়নি মান্নানকে। তবে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হয়।



