Saturday, July 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঘুরতে আসা তরুণীকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ, যুবদল নেতা গ্রেপ্তার

বরিশাল সদরের রূপাতলী এলাকায় এ ঘটনা ঘটেছে

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১১:০৮ এএম

বরিশাল সদরের রূপাতলী এলাকায় ঘুরতে আসা এক তরুণীকে তুলে নিয়ে আটকে রেখে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে ইরমান আলী শোভন নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

এর আগে, বুধবার ২৫ নম্বর ওয়ার্ড রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।

ওসি মিজানুর রহমান বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তাদের গ্রেপ্তারেও পুলিশি অভিযান অব্যাহত আছে।”

তিনি বলেন, “ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় মামলা করেছেন। তার ডাক্তারি পরীক্ষার জন্য ওসিসিতে পাঠানো হবে।”

জানা গেছে, গ্রেপ্তার যুবদল নেতা ইরমান রুপাতলি নতুন আবাসিক এলাকার বাসিন্দা। তিনি ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে ওয়ার্ড যুবদলের পদপ্রত্যাশী।

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বন্ধুর সঙ্গে রূপাতলী ঘুরতে যান এক তরুণী। ওই এলাকা থেকে তাদের দুইজনকে জিম্মি করে ইরমান ও তার সহযোগীরা। এরপর সেখান থেকে ইরমানের একটি বিশেষ কক্ষে আটকে রেখে রাতভর ওই তরুণীকে ধর্ষণ করে। এ সময়ে তরুণীর বন্ধুকে আরেকটি রুমে আটকে রেখে তার মোটরসাইকেল ও মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে। এছাড়া তাকে বেধড়ক পেটান ইরমানের চারজন সহযোগী।

পুলিশ আরও জানিয়েছে, বুধবার সকালে মুক্তিপণের টাকা যোগাড় করার কথা বলে বের হয়ে কোতয়ালী থানায় গিয়ে বিস্তারিত জানালে পুলিশ অভিযান চালিয়ে ওই যুবদল নেতাকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, ইমরানের বিরুদ্ধে রূপাতলী এলাকায় ব্যাপক চাঁদাবাজি, শ্রমিক মারধর করার মতো অভিযোগ আছে। এছাড়া রূপাতলী এলাকার মাদক সিন্ডিকেটও তার দখলে বলেও স্থানীয়ভাবে জানা গেছে।

   

About

Popular Links

x