সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজ ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ‘‘মেগা মানডে’’ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকাল থেকে ধীরে ধীরে কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে জড়ো হন শিক্ষার্থীরা।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে কবি নজরুল কলেজের সামনে জড়ো হতে থাকেন কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এ সময় তাদের পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়।
শিক্ষার্থীরা জানান, গতকাল হামলার তদন্ত এবং রাষ্ট্রীয় কোনো উত্তর, সোহারাওয়ার্দী কলেজ এবং মাহাবুবুর রহমান মোল্লা কলেজের পক্ষ থেকে সমস্যার সুষ্ঠু সমাধানে কোনো উত্তর না পাওয়ায় আজ এই কর্মসূচি তাদের। তাদের সঙ্গে ৭ কলেজের সমর্থন রয়েছে বলেও জানান শিক্ষার্থীরা।
সরেজমিন দেখা যায়, কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ যেসব কলেজ গতকাল হামলায় জড়িত ছিল তাদের বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।
‘‘মেগা মানডে’’ কর্মসূচি সম্পর্কে কবি নজরুল কলেজের শিক্ষার্থী ফাহাদ বলেন, ‘‘গতকাল সুপার সানডে ঘোষণা দিয়ে ডিএমআরসি কলেজের শিক্ষার্থীরা আমাদের কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজে হামলা চালিয়েছে। তারই প্রতিবাদে আজ আমরা মেগা মানডে কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছি।’’
এ বিষয়ে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আফতাব আহমেদ বলেন, ‘‘ডিএমআরসি আমাদের ওপর হামলা করে চরম অন্যায় করেছে। এর ফল তাদের ভুগতে হবে। আমার এখন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। আমরা গতকাল আমাদের ক্যাম্পাসে হামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় ডিএমআরসি আর তাদের জায়গায় থাকবে না। আমরা আমাদের শিক্ষার্থীদের উপস্থিতি এবং হার্টবিট বুঝে ওদিকে অগ্রসর হতে পারি। কিন্তু এই মুহূর্তে তা নিশ্চিতভাবে বলা যাবে না। আজ দিনব্যাপী আমাদের কর্মসূচি চলবে।”



মোল্লা কলেজে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর
সোহরাওয়ার্দী কলেজে বহিরাগত শিক্ষার্থীদের ভাঙচুর