Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বরাষ্ট্র উপদেষ্টা: থার্টি ফার্স্টে তরুণ সমাজের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওই দিন আমাদের সাধারণ মদের বারগুলো বন্ধ থাকবে’

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে আমাদের তরুণ সমাজের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। তারা বিভিন্ন জায়গায় একটু পানি টানি খায়, যাতে সেটা না করে, আপনারাসহ (সাংবাদিকরা) সবাই তাদের একটু বুঝিয়ে বলবেন। যাতে রাস্তাঘাটে কোনো অসুবিধা না ঘটায়।”

রবিবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে “বড়দিন” ও “থার্টি ফার্স্ট নাইট” উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ওই দিন আমাদের সাধারণ মদের বারগুলো বন্ধ থাকবে। আতশবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। এটা যাতে কেউ না ওড়ায় সেজন্য অনুরোধ করছি। আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতেও এগুলো গ্রহণযোগ্য না।”

তিনি আরও বলেন, “২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে শৃঙ্খলা কমিটির সভা ছিল। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না হয়, তারা যাতে সুন্দরভাবে অনুষ্ঠান পালন করতে পারেন, সেসব নিয়ে আমরা আলোচনা করেছি।”

বাংলাদেশে অবস্থান করা অবৈধ বিদেশিদের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “অবৈধ বিদেশিদের বিষয়ে আমরা পত্রিকায় একটি বিজ্ঞপ্তি দিয়েছি। কোনো বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “কতজন আছে সেই পরিসংখ্যানটা এখন আমাদের কাছে নেই। এটা যদি থাকতো তবে আমি বলে দিতাম এতজন আছে। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম উল্লেখ করতে চাচ্ছি না। তবে কোনো দেশেরই অবৈধ নাগরিকদের আমরা বাংলাদেশে থাকতে দেব না।”

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “দেশের পুরো সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে কোনো অবৈধ অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। আপনারা সত্যি খবর প্রচার করলে তাদের মিথ্যা খবরের মুখে চুনকালি পড়বে। তাছাড়া বর্ডারে বড় ধরনের কোনো সমস্যা হয়নি।”

   

About

Popular Links

x