Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাশার আল-আসাদের পদত্যাগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল

সিরিয়ার প্রেসিডেন্টের পদত্যাগে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয় 

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ পিএম

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। 

রবিবার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আনন্দ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে গোলচত্বরে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা “আসাদ থেকে হাসিনা, কোনো স্বৈরাচার টেকে না”, “নারায়ে তাকবীর আল্লাহু আকবার”, “কাবুল থেকে দামেস্ক, ঢাকা থেকে দিল্লি - সারা বিশ্বের মুসলিম এক হও এক হও”, “হাসিনা গেছে যেই পথে বাশার গেছে সেই পথে”- ইত্যাদি স্লোগান দেন।

২০১৭-২০১৮ সেশনের গণিত বিভাগের শিক্ষার্থী হান্নান রহিম বলেন, “সিরিয়ার স্বৈরাচার পতনে আমরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করি। সামনে আরও অনেক বিজয় আছে, আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সবসময় আন্দোলন সংগ্রাম করে যাবো। আশা করি, খুব দ্রুত পৃথিবীর সব স্বৈরাচারের পতন হবে। আমরা সবসময় অত্যাচারিত নিপীড়িত মানুষের পক্ষে আছি।”

উল্লেখ্য, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর গণঅভ্যুত্থানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রবিবার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান। সিরিয়ায় আসাদ পরিবারের শাসন শুরু হয় ১৯৭১ সালে। ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল-আসাদ। ২০০০ সালে তার মৃত্যুর পর ওই বছরই ক্ষমতায় অধিষ্ঠিত হন তার ছেলে বাশার আল-আসাদ। টানা ২৪ বছর ধরে প্রেসিডেন্ট পদে ছিলেন।  বাশারের পদত্যাগের মধ্যে দিয়ে শেষ হয় আসাদ পরিবারের শাসন।

   

About

Popular Links

x