Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

তৃতীয় দিনের অনশনে তিতুমীর কলেজের ৯ শিক্ষার্থী অসুস্থ

কলেজটিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তারা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০১:৫৬ পিএম

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন কলেজটির শিক্ষার্থীরা। অনশনে ৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে সাতজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আর দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) কলেজটির শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষার্থী বলেন, “আমাদের অনশন কর্মসূচি শুরুর ২৪ ঘণ্টা পর শিক্ষা মন্ত্রণালয় থেকে একজন প্রতিনিধি এসেছিলেন। তিনি আশ্বাস দিয়েছেন। কিন্তু কারো মুখের কথা আমরা বিশ্বাস করতে চাই না। যতক্ষণ পর্যন্ত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

তারা বলেন, “অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে তিতুমীর কলেজের সাতজন শিক্ষার্থী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া বাংলা বিভাগের শিক্ষার্থী রানা আহমেদ ও গণিত বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন।”

তিতুমীর ঐক্যের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, “বুধবার বিকেল থেকে অনশন শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অনশন চলবে।”

শিক্ষার্থীরা জানান, ছাত্রদের দাবি নিয়ে বর্তমান প্রশাসন খেলা শুরু করেছে। আমরণ অনশনে অপ্রীতিকর কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এছাড়াও তাদের ওপর অন্যায়-অত্যাচার হলে দেশের ছাত্রসমাজ আবারও গর্জে উঠবে বলেও দাবি তাদের।

এর আগে, বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন। তিনি তাদের অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। তবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ঘোষণা না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

   

About

Popular Links

x