ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য এলাকায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সমাবেশে উচ্চশব্দে মাইক ব্যবহারকে কেন্দ্র করে বিভিন্ন আবাসিক হল, লাইব্রেরি ও ক্লাস থেকে নেমে এসে প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজু ভাস্কর্যে এসে শব্দদূষণের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন তারা। এতে সমাবেশ থেকে মাইকের পরিবর্তে সাউন্ড বক্স ব্যবহারের ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে শিক্ষার্থীরা নিজ নিজ স্থানে ফিরে যান।
প্রতিবাদে অংশ নেওয়া ঢাবি শিক্ষার্থী শাফায়াত হোসেন সাংবাদিকদের বলেন, “আমরা কেন্দ্রীয় লাইব্রেরিতে পড়ছিলাম। রাজু ভাস্কর্য এলাকায় উচ্চশব্দে মাইক ব্যবহারের কারণে আমরা লাইব্রেরিতে পড়তে পারছিলাম না। পড়ায়স মনযোগ ঠিক রাখতে পারছিলাম না। তাই আমরা এখানে এসে জানালে উচ্চশব্দে মাইক ব্যবহার না করা ঘোষণা দেন তারা।”
রোকেয়া হলের শিক্ষার্থী সুমাইয়া বলেন, “প্রতিদিন যদি এভাবে উচ্চশব্দে মাইক ব্যবহার করা হয়, তাহলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে কীভাবে? মাইকের উচ্চশব্দে হলে বসে পড়ার কোনও উপায় নাই। অসহ্য হয়ে হল থেকে নেমে এসেছি।
জানা গেছে, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের “সংগ্রামের ৪ দশক” উপলক্ষে রাজু ভাস্কর্য এলাকায় একটি ছাত্র সমাবেশের আয়োজন করে সংগঠনটি। সেখানে মাইক ব্যবহারের কারণে শব্দদূষণের প্রতিবাদে জানান শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সংগঠনটির মঞ্চ থেকে উচ্চশব্দ না করা ও সাউন্ড বক্স ব্যবহারের ঘোষণা দেয়। তাদের এমন ঘোষণা দেওয়ার ফলে শিক্ষার্থীদের হাত তালির মাধ্যমে সমর্থন প্রকাশ করতে দেখা যায়।



