Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে ভাঙচুর-লুটপাটের অভিযোগে গ্রেপ্তার ৪

ইসরায়েলী আগ্রাসন বিরোধী মিছিলকে ব্যবহার করে নাশকতার অভিযোগ

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০২:০০ পিএম

ইসরায়েলী আগ্রাসন বিরোধী মিছিলকে ব্যবহার করে নাশকতা, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) গাছা থানার সদস্যরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) জিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তাররা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর গ্রামের সিয়াম খান আনিক (১৮), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া (নতুন বাজার) এলাকার শিমুল আহম্মেদ শাওন (২০), শরিয়তপুরের বাহেরচার থানার মোল্লারকান্দি এলাকার শাহীন (১৯) এবং গাজীপুরের পুর্ব কলমেশ্বর এলাকার জয়নাল আবদেীন (২১)।

সোমবার (৭ এপ্রিল) রাতে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদেরকে গাজীপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মো. রাশেদ বলেন, “সোমবার দুপুরে গাছা থানা এলাকার বোর্ডবাজার এলাকায় ইসরায়েলী আগ্রাসন বিরোধী মিছিল বের হয়। ওই মিছিল থেকে গ্রেপ্তারকৃতরা পূর্ব পূবপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে তৃপ্তি হোটেল, রাঁধুনী হোটেল এবং বাটা কোম্পানির বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর, লুটপাট ও ক্ষতিসাধন করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।”

তিনি আরও জানান, “পরবর্তীতে ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখে দুষ্কৃতিকারীদের শনাক্ত করে গাছা থানা পুলিশ। ওইদিন রাতেই গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ওই ঘটনায় সরাসরি জড়িত, উস্কানিদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলামান রয়েছে।”

   

About

Popular Links

x