খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে গত ১৮ ফেব্রুয়ারি বিএনপির ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন কুয়েটের শতাধিক শিক্ষার্থী। এ ঘটনার দু’মাস পর মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকার হোসেন আলী বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর নাম উল্লেখ করে আদালতে মামলার আবেদন করেছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিনি খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আমলী আদালতে এই আবেদন করেন। আদালত খানজাহান আলী থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এ মামলার আবেদনের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠেছেন শিক্ষার্থীরা।
এদিকে ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের সম্পর্কে কুয়েট ১৯ নামে ফেসবুক পেজে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক প্রতিক্রিয়ায় উল্লেখ করা হয়, যৌক্তিক আন্দোলন দমনের অপচেষ্টা প্রশাসন ও তদন্ত কমিটির যোগসাজসেই কি এই প্রহসন? তা না হলে শিক্ষার্থীদের নাম পরিচয় কিভাবে তারা জানবে? আমরা শিক্ষার্থীদের বিরুদ্ধে এই মামলা দায়েরের ঘটনার তীব্র নিন্দা জানাই।
কুয়েটের প্রোভিসি প্রফেসর ড. শেখ শরিফুল আলম বলেন, “মামলার বিষয়ে কিছু জানতাম না। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।”
মামলার আবেদনে নাম দেওয়া হয়েছে: কুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক (২২), ইসিই বিভাগের জাহিদুর (২৩), ট্রিপল ই বিভাগের ওবাইদুল্লাহ (২৩), ট্রিপল ই বিভাগের মোহন (২৩), ট্রিপল ই বিভাগের গালিব রাহাত (২৩), ট্রিপল ই বিভাগের সাদাত তানভীর মাহিন (২৩), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের রায়হান শরিকুল (২৩), ট্রিপল ই বিভাগের শেখ মুজাহিদ (২৩), আইইএম বিভাগের সাজ্জাদ ফরহাদ (২৩), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের হিমেল (২৩), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শোভন (২৩), ইসিই বিভাগের ইছা আনছারী (২০), সিএইচই বিভাগের আবু হাসান খালিদ (২৩), এলই বিভাগের ইয়াছিন রোওয়ান (২০), এমই বিভাগের ফজলে রাব্বি, কুয়েট শিক্ষার্থী জাহিদুল ইসলাম নায়েল, এমই বিভাগের সাফতি আনছারী (২৩), কুয়েট শিক্ষার্থী আব্দুর রাহিম মৃধা (২০), এমই বিভাগের আজমাইন ইসরাক অর্নব (২০), ট্রিপল ই বিভাগের মুজাহিদ (১৯), ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ও ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহাদি হাসান (২৫), কুয়েট শিক্ষার্থী অভি (২৩) ও অজ্ঞাত ১৫/২০ জন।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “এ মামলা বা আদালতের নির্দেশ সংক্রান্ত কোনো কাগজপত্র আমাদের কাছে এখনও আসেনি।”



কুয়েটে সংঘর্ষে আহত ৩০
ছাত্রদল: কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হামলা হয়েছে