Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

চলন্ত সিএনজি অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা, দগ্ধ সেই নারীর মৃত্যু

লায়লার শ্বাসনালিসহ শরীরের ৯০% পুড়ে যায়

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৭:১৫ পিএম

চট্টগ্রামে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় দুর্বৃত্তদের ছুড়ে মারা পেট্রলবোমায় দগ্ধ সেই নারীর মৃত্যু হয়েছে। তার নাম লায়লা বেগম (৫০)। লায়লার শ্বাসনালিসহ শরীরের ৯০% পুড়ে যায়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১২টার দিকে রাউজান পৌরসভা এলাকার গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়।

লায়লার স্বামী মো. আব্বাস সংবাদমাধ্যমকে বলেন, “ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে তার মৃত্যু হয়।”

কারা তার স্ত্রীকে পেট্রলবোমা মেরেছে তাদের বিচার চান তিনি।

উল্লেখ্য, ২০ এপ্রিল ভোর সাড়ে ৪টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে গ্রামের বাড়ি রাউজান থেকে কক্সবাজারের কুতুবদিয়া যাচ্ছিলেন  লায়লা বেগম (৫০) ও তার পুত্রবধূ ঝর্ণা বেগম (৩০)। পথে আতুরার ডিপো এলাকায় পৌঁছালে তারা সড়কে আগুন দেখতে পান। অটোরিকশার চালক আগুন পাশ কাটিয়ে গাড়িটি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় মুখোশ পরা তিন ব্যক্তি গাড়িতে পেট্রলবোমা ছুড়ে মারেন। এতে দগ্ধ হন লায়লা ও তার পুত্রবধূ। পরে দুইজনকেই প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে লায়লা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয় ঝর্ণাকে।

জানতে চাইলে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, “ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর পরিবার চট্টগ্রামে না থাকায় এত দিন মামলা করা যায়নি। পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে।”

   

About

Popular Links

x