কুমিল্লা নগরে কাছাকাছি সময়ে তিনটি এলাকায় দেশীয় অস্ত্র হাতে মহড়া দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া দেখে সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।
শুক্রবার (২৫ এপ্রিল) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- রেজাউল করিম নাফিজ (১৮), সিফাত হোসেন (১৬), আরমান ইসলাম রাজিম (১৭) ও রাকিব হোসেন (১৬)।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সদস্যদের দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও স্লোগান দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। সে দিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নগরীর রানীর দিঘির পাড়, তালপুকুর পাড় ও আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা মহড়া দেয়। এ সময় সড়কের দুপাশে সাধারণ মানুষজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।
ওসি মহিনুল ইসলাম বলেন, “কিশোর গ্যাংয়ের মহড়ার খবর পেয়ে পুলিশ অভিযানে নেমে চারজনকে আটক করেছে। শনিবার তাদের আদালতে পাঠানো হবে।”
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার বিকেলে নগরের কান্দিরপাড় এলাকা পার হয়ে রানীর দিঘির দক্ষিণ পাড়ে শতাধিক কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র হাতে মহড়া দেন। তাদের মহড়ার সামনে অন্তত ১৫ মোটরসাইকেল বিকট আওয়াজ তুলে সড়ক প্রদক্ষিণ করে। এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলছিল। সন্তানদের নিয়ে বিভিন্ন জেলা থেকে আসা অভিভাবকেরা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাইরে রানীর দিঘির পাড়ে অবস্থান করছিলেন। এ সময় কয়েক শ অভিভাবক চরমভাবে আতঙ্কিত হয়ে পড়েন। বিকেল ৪টায় পরীক্ষা শুরুর আগমুহূর্তে অস্ত্রের মহড়া দেওয়ায় পরীক্ষার্থীদের মধ্যেও কিশোর গ্যাং আতঙ্ক ছড়িয়ে পড়ে।



