বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক মন্ত্রী ডা. দীপু মনি প্যারোলে মুক্তি চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন।
বুধবার (৩০ এপ্রিল) আবেদনটি শুনানির জন্য আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থাপন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
তাজুল ইসলাম বলেন, ‘‘স্বামীর অসুস্থতায় প্যারোলে মুক্তি চেয়ে দীপু মনির আবেদনের শুনানি হয়। পরে আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে বলেছে ট্রাইব্যুনাল।’’
আবেদনে বলা হয়েছে, দীপু মনির স্বামী হাসপাতালে চিকিৎসাধীন, স্বামীর সেবার জন্য তাকে পাশে থাকা প্রয়োজন।
উল্লেখ্য, গত বছরের ১৯ আগস্ট সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি এর আগে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ছিলেন।



