Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

দায়িত্ব পালনকালে ইবি শিক্ষার্থীদের বহনকারী বাসের চাপায় কনস্টেবল নিহত

বাস‌টি জব্দ ক‌রে থানায় নেওয়া হ‌য়ে‌ছে

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৪:৪৬ পিএম

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। হা‌ফিজুর রহমান (৩০) নামের ওই পুলিশ সদস্য কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভাদা‌লিয়া এলাকায় হাইওয়ে থানার সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমান পাবনা জেলার চাটমোহর উপজেলার জাগরকোল গ্রামের বাসিন্দা। সাত মাস আগে বিয়ের করেছেন তিনি।

চৌড়হাস হাইওয়ে থানার উপপ‌রিদর্শক (এসআই) না‌জির আহমেদ ঢাকা ট্রিবিউনকে বলেন, “সকালে থানার সামনের মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল হা‌ফিজ। এ সময় কুষ্টিয়ার দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসটি এক‌টি ট্রাক‌‌কে ওভার‌টেক কর‌তে গেলে রাস্তার পাশে থাকা পুলিশ কনস্টেবল হা‌ফিজ‌কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

নিহত পুলিশ সদস্যের দ্বিতীয় স্ত্রী হা‌বিবা খাতুন জানান, সাত মাস আগে তারা বি‌য়ে করেছেন। আগের পক্ষে তার এক‌টি কন্যা সন্তান রয়েছে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, “বাস‌টি জব্দ ক‌রে থানায় নেওয়া হ‌য়ে‌ছে। চালক ও সহ‌যোগী পলাতক। প্রয়োজনীয় কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছ হস্তান্তর করা হবে।”

   

About

Popular Links

x