Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

তালগাছ কেটে ‘শতাধিক’ বাবুই পাখির ছানা হত্যার অভিযোগ

গাছটি ছিল শতাধিক বাবুই পাখির বাসা ও প্রজননের একমাত্র আশ্রয়স্থল

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৬:৫৯ পিএম

ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় একটি বড় তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যার অভিযোগ উঠেছে। গাছটি ছিল শতাধিক বাবুই পাখির বাসা ও প্রজননের একমাত্র আশ্রয়স্থল।

শুক্রবার (২৮ জুন) বিকেলে একদল মানুষ গুয়াটন এলাকার একটি বিশাল তালগাছ কেটে ফেলেন।

স্থানীয়রা লোকজন জানিয়েছেন, গুয়াটন গ্রামের মোবারেক আলী ফকিরের মালিকানাধীন জমির তালগাছটিকে দীর্ঘদিন ধরে বাবুই পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত ছিল। এ গাছে অসংখ্য বাবুই পাখির বাসা, ডিম ও ছানা ছিল। গাছটি মিজানুর রহমান নামের এক ব্যক্তি ক্রয় করে কাটার ফলে প্রায় শতাধিক ছানা ও ডিম ধ্বংস হয়ে যায়।

ওই গ্রামের বাসিন্দা জাহিদ হোসেন বলেন, “এটি শুধু একটি তালগাছ ছিল না, ছিল প্রাণবৈচিত্র্যের কেন্দ্র। যারা এই কাজ করেছে, তারা প্রকৃতির বিরুদ্ধে অপরাধ করেছেন।”

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা ইয়াসমিন ঢাকা ট্রিবিউনকে বলেন, “বিষয়টি আমরা জেনে বন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে।”

তবে স্থানীয় প্রশাসন বা বন বিভাগ এখনও কোনো ব্যবস্থা নেয়নি বলে জানা গেছে। সচেতন মহল অবিলম্বে অভিযুক্তদের খুঁজে বের করে পরিবেশ আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

   

About

Popular Links

x