ঢাকা-মাওয়া-ভাঙ্গা হাইওয়ে ও ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ড ও এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকায় থাকা ফুটপাত ও যাত্রীছাউনী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ভাঙ্গা উপজেলা প্রশাসন।
সোমবার (৩০ জুন) দুপুর ১২টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী পরিচালিত এই অভিযানে শতাধিক অবৈধ দোকান ও বাস কাউন্টার উচ্ছেদ করা হয়।
এতে যুক্ত ছিলেন ভাঙ্গা হাইওয়ে ও লোকাল থানা পুলিশ, ভাঙ্গা পৌরসভা, সড়ক ও জনপদের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, ঈদের আগেই মহাসড়কের পাশ দিয়ে গড়ে ওঠা ফুটপাত দখলমুক্ত করার জন্য সড়ক ও জনপদ এবং প্রশাসনের পক্ষ থেকে নোটিশ ও মাইকে প্রচারণা চালানো হয়। কিন্তু সেসব নির্দেশনা অমান্য করে অবাধে মহাসড়কের পাশে ফুটপাত ও যাত্রীদের জন্য যাত্রিছাউনী দখল করে বাস কাউন্টার দখল করেছিলেন স্থানীয় কতিপয় কুচক্রী মহল। মানুষের জান-মালের নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতে মহাসড়কে এমন অভিযান অব্যাহত থাকবে। এতে আইন অমান্যকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, হাইওয়ে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও অভিযানে থ্রি-হুইলার ও পরিবহন জব্দসহ ৫টি মামলা করা হয়।
উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, ভাঙ্গা পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা কাওসার মাতুব্বর, সড়ক ও জনপদের কর্মকর্তারা, স্থানীয় থানা ও ট্রাফিক পুলিশ সদস্য এবং সাংবাদিকরা।



