Sunday, June 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

পায়ুপথে ইয়াবা বহন, বিএনপি নেতা গ্রেপ্তার

তার থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১০:৩৭ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভে পায়ুপথে ইয়াবা বহনের সময় বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

গ্রেপ্তার ওই বিএনপি নেতার নাম নূর মোহাম্মদ (৪৯)। তিনি টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়ার বাসিন্দা। তিনি বিএনপির টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক এবং ঘোষণার অপেক্ষায় থাকা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “শনিবার সন্ধ্যায় কক্সবাজার মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের ইমামের ডেইল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিলেন বিজিবির সদস্যরা। একপর্যায়ে টেকনাফ থেকে আসা একটি প্রাইভেটকারেও তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে থাকা এক যাত্রীর গতিবিধি ও আচরণ বিজিবির সদস্যদের কাছে সন্দেহজনক মনে হয়। পরে ওই ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পায়ুপথে ইয়াবা থাকার তথ্য স্বীকার করেন।”

তিনি বলেন, “এরপর বিশেষ কৌশলে পায়ুপথ থেকে কালো রঙের দুটি বায়ুরোধী প্যাকেট বের করা হয়। প্যাকেট দুটি খুলে পাওয়া যায় ২ হাজার ইয়াবা।”

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

টেকনাফ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট হাসান সিদ্দিকী বলেন, “গ্রেপ্তার নূর মোহাম্মদ টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। এছাড়া তিনি ঘোষণার অপেক্ষায় থাকা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী।”

   

About

Popular Links

x