Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মোহাম্মদপুরে ‘এলটিডি বয়েজ’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার

মোহাম্মাদিয়া হাউজিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০১:১৩ পিএম

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে কিশোর গ্যাং “এলটিডি বয়েজ গ্রুপ”-এর চার সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

রবিবার (২০ জুলাই) র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (১৯ জুলাই) মোহাম্মাদিয়া হাউজিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- তারেকুল ইসলাম তুহিন ওরফে শান্ত (১৯), ইমন (২০), ফজলে রাব্বি (১৯) ও মো. রোমান (২০)। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (সামুরাই) ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কিশোর গ্যাং “এলটিডি বয়েজ গ্রপ” এর সদস্য। তারা মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল।

র‍্যাব-২ এর পক্ষ থেকে জানানো হয়, এই কিশোর গ্যাং সদস্যরা দিনে কিংবা রাতের অন্ধকারে ধারালো অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে অর্থ, মোবাইল ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতো। তারা সংঘবদ্ধভাবে জনসাধারণের নিরাপত্তায় বিঘ্ন ঘটিয়ে আসছিল।

র‍্যাব আরও জানায়, মোহাম্মদপুরসহ র‍্যাব-২-এর দায়িত্বপূর্ণ এলাকায় সম্প্রতি বেশ কয়েকটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র সক্রিয় হয়ে ওঠে। এসব গ্যাং সম্পর্কে স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে তথ্য পেয়ে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়।

র‍্যাব-২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

   

About

Popular Links

x