Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

ক্যাম্পাসের জন্য ৯৬ একর জমি অধিগ্রহণের অনুমোদন পেল নওগাঁ বিশ্ববিদ্যালয়

শালুকা, চকরামপুর ও পাথুরিয়া মৌজায় এই জমি অধিগ্রহণের অনুমতি দিয়েছে মন্ত্রণালয়

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১১:৫১ এএম

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত নওগাঁ সদর উপজেলার শালুকা, চকরামপুর ও পাথুরিয়া মৌজায় ৯৬.৮১ একর জমি অধিগ্রহণের জন্য প্রশাসনিক অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২৮ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাছানাত আলী বলেন, “নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের জন্য সদর উপজেলার নওগাঁ পৌর শহরসংলগ্ন কয়েকটি মৌজায় জমি অধিগ্রহণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। সম্ভাব্যতা যাচাই প্রক্রিয়া শেষে শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবিত এলাকায় জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন দিয়েছে।”

তিনি জানান, গতকাল (সোমবার) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে তারা এ সংক্রান্ত একটি আদেশ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের জন্য আপাতত ৯৬.৮১ একর জমি অধিগ্রহণের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি নওগাঁয় বঙ্গবন্ধুর নামে একটি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া অনুমোদন দেয় তৎকালীন মন্ত্রিসভা। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি সংসদে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ” বিল পাস হয়। চলতি বছরের ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির নাম “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ” থেকে পরিবর্তন করে “নওগাঁ বিশ্ববিদ্যালয়” নামকরণ করে অন্তর্বর্তীকালীন সরকার।

তবে বিল পাস হওয়ার পর দুই বছর পার হলেও এখন পর্যন্ত শিক্ষার্থী ভর্তি ও ক্লাসসহ একাডেমিক কার্যক্রম চালুর অনুমোদন দেয়নি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইইজিসি)। প্রতিষ্ঠার পর থেকে শহরের নওগাঁ মডেল টাউন এলাকার একটি ভবন ভাড়া নিয়ে প্রশাসনিক কার্যক্রম চলছে।

   

About

Popular Links

x