Friday, June 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

গুলশানে চাঁদাবাজি: গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা অপু গ্রেপ্তার

গ্রেপ্তার জানে আলম অপুকে চাঁদাবাজির ঘটনা প্রকাশ্যে আসার পর সংগঠন থেকে বহিষ্কার করা হয়

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০২:৫৬ পিএম

রাজধানী গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান তাকে গ্রেপ্তারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে ওয়ারী থেকে গ্রেপ্তার করেছে ডিবি।

জানা গেছে, জানে আলম অপু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ২৬ জুলাই চাঁদাবাজির ঘটনা প্রকাশ্যে আসার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

এর আগে, ৩০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের (রিয়াদ) বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করে পুলিশ।

এদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, বৈষ্যম্যবিরোধী নেতা রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালানো হয়। এ অভিযানে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়। একইসঙ্গে প্রায় ২০ লাখ টাকার এফডিআর নথি উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, ২৬ জুলাই শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদাবাজির সময় রাতে ওই বাসা থেকে রিয়াদসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২৭ জুলাই গুলশান থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত প্রত্যেকের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গ্রেপ্তার হওয়া বাকিরা হলেন-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সংগঠনের দুই সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াদ। গ্রেপ্তারের পর সংগঠন থেকে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এছাড়া, এ ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশে সব কমিটি স্থগিত ঘোষণা করেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম।

   

About

Popular Links

x