Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাওলি দাম: ভালো শটের জন্য প্রাণের ঝুঁকি নিতেও রাজি

সংবাদমাধ্যমে মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন 

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পিএম

টলিউড থেকে বলিউড সব জায়গায় নিজের অভিনয়শৈলীর পরিচয় দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম।

২০০৩ সালে “জীবন নিয়ে খেলা” নামে একটি টেলিভিশন ধারাবাহিক দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। 

তবে, ২০০৯ সালে গৌতম ঘোষ পরিচালিত “কালবেলা” সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা এবং প্রশংসা অর্জন করেছেন। এরপর ২০১২ সালে “হেট স্টোরি” সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়।  

সম্প্রতি সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে পাওলি দাম তার ক্যারিয়ার নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

বিবি পায়রা ও পর্দায় নাচ    

দীর্ঘ বিরতির পর পর্দায় পাওলিকে নাচতে দেখা যায় “বিবি পায়রা” সিনেমায়। এ প্রসঙ্গে তিনি বলেছেন, “অনেকে ভুলে গিয়েছিলেন যে আমিও নাচতে পারি। সাধারণত আমাকে সবাই খুব সিরিয়াস ঘরানার অভিনেত্রী মনে করেন। তাই নাচ-গানের সুযোগ আছে এমন চরিত্র খুব একটা অফার করা হয় না।”

“বিবি পায়রা” তে পরিচালক অর্জুন দত্ত সেই সুযোগ দিয়েছেন। এই সিনেমায় নাচ, গান এবং অ্যাকশন - সব জমিয়ে করেছেন অভিনেত্রী। তার মতে,  এটি কোনো আইটেম ড্যান্স নয়, বরং তার চরিত্রের একটি অংশ যা করতে পেরে তিনি খুবই আনন্দিত। এরকম চলচ্চিত্র ভবিষ্যতে আরও করার ইচ্ছা প্রকাশ করেন।   

“গ্যাং অফ ঘোস্ট” প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, “ওটাই আমার প্রথম আইটেম ড্যান্স। সতীশ কৌশিকের পরিচালনায় গ্যাং অফ ঘোস্ট-এ প্রোপার আইটেম ড্যান্স করেছিলাম।” 

স্বস্তিকার সঙ্গে ‘হিরোইন জুটি'    

প্রায় ১২ বছর পর অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে পাওলি দাম বলেছেন, জুটি মানেই আমাদের ধারণা একজন হিরো ও একজন হিরোইন কিংবা জুটিতে দুইজন হিরো। এমনটাই সবাই দেখে অভ্যস্ত। “আরআরআর” সিনেমাতেও তিনজন হিরো নেচেছে, কিন্তু সেখানে হিরোইন হলো কাইন্ড অফ প্রপ। তাহলে দুজন হিরোইনের জুটি কেন হতে পারে না?” নতুন এই সিনেমায় সে ছক ভাঙা হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

জাতীয় পুরস্কারের আক্ষেপ

ক্যারিয়ারে অভিনয়ের জন্য ব্যক্তিগতভাবে জাতীয় পুরস্কার না পাওয়া নিয়ে কোন আক্ষেপ নেই তার। পাওলির মতে, দর্শকের ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি আশাবাদী যে ভবিষ্যতে কোনো নির্মাতা নিশ্চয়ই জাতীয় পুরস্কার পাওয়ার মতো শক্তিশালী কোনো চরিত্র লিখবেন তার জন্য।  

শুটিংয়ে নিরাপত্তা ও জীবনের ঝুঁকি 

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করে পাওলি বলেছেন, “একজন অভিনয়শিল্পী ভালো শটের জন্য নিজেকে উজাড় করে দেন। আমিও ‘ফ্যামিলি অ্যালবাম’ বা ‘নাটকের মতো’ সিনেমাতে ডুবে যাওয়ার দৃশ্যে কাজ করেছি। কিন্তু সেখানে লাইফ জ্যাকেট, ডুবুরি ও হার্নেসের সঠিক ব্যবস্থা ছিল।” 

সাক্ষাৎকারে তিনি এক গভীর শঙ্কার কথা তুলে ধরে বলেছেন, “ভালো শটের জন্য আমরা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করি কিন্তু সেই ঝুঁকি যেন আমাদের জীবনের শেষ ঝুঁকি না হয়ে যায়।”

শিল্পীদের সুরক্ষায় সঠিক টিমওয়ার্ক এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার ওপর তিনি বিশেষ জোর দিয়েছেন। 

 

   

About

Popular Links

x