প্রিয় তারকাকে ঘিরে ভক্ত-অনুরাগীদের উন্মাদনা নতুন কোনো ঘটনা নয়। চোখের সামনে প্রিয় তারকাকে দেখামাত্র তার সঙ্গে ভক্তদের সেলফি তোলার আগ্রহও নৈমিত্তিক ঘটনা। ভারতের চলচ্চিত্র অভিনেত্রী রশ্মিকা মান্দানা সম্প্রতি এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।
পরবর্তী সিনেমা “বেবি”র একটি গান প্রকাশের অনুষ্ঠানে যোগ দিতে রশ্মিকা হায়দ্রাবাদে গিয়েছিলেন। পর্যাপ্ত নিরাপত্তাকর্মীর উপস্থিতি থাকলেও তাকে ঘিরে ভক্তদের হট্টগোল ছিল চোখে পড়ার মতো। পরিস্থিতি দেখে স্বয়ং রশ্মিকা মান্দানাও হতবাক হয়ে পড়েছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, রাশ্মিকা মান্দানার সঙ্গে সেলফি তোলার জন্য ভক্তরা ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু করেন। নিরাপত্তাকর্মীরা ভক্তদের সামলাতে ব্যস্ত, তখন এক বাচ্চা মেয়ে ঠিকই সুযোগ বুঝে নিরাপত্তা বলয় ভেদ করতে সক্ষম হয়।
ভক্ত-অনুরাগীদের এমন উন্মাদনা দেখে রশ্মিকা মান্দানাও খানিকটা বিচলিত হয়ে পড়েছিলেন। তবে নিরাপত্তা বলয় ভেদ করে ছুটে আসা বাচ্চা মেয়েটিকে নিরাশ করেননি তিনি, ঠিকই তার সেলফির আবদার রাখেন। কিন্তু তাতেও যে রাশ্মিকা খানিকটা ভীত সতন্ত্র ছিলেন, সেটি তার দ্রুত সেলফি তোলার তাড়া দেখেই বোঝা গিয়েছিল। এরই মাঝে এক ভক্তকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন নিরাপত্তাকর্মীরা।
রশ্মিকা মান্দানাকে ঘিরে ভক্তদের এমন উন্মাদনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। সেখানে অনেকেই অকারণে ভক্তদের হেনস্তা করায় নিরাপত্তাকর্মীদের এক হাত নিয়েছেন। আবার অনেকেই তারকাদের সঙ্গে সেলফি তোলার আগ্রহকে বাড়াবাড়ি উল্লেখ করে বিরক্তিভাব প্রকাশ করেছেন।
রশ্মিকাকে সর্বশেষ দেখা গিয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমা “মিশন মাজনু”তে। সেখানে তার বিপরীতে ছিলেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। গত জানুয়ারিতে মুক্তির পর অবশ্য সিনেমাটি সমালোচকদের সন্তুষ্ট করতে পারেনি।
সামনে এই চিত্রনায়িকাকে দেখা যাবে তেলেগু সিনেমা “বেবি”তে। এখানে রাশ্মিকার সঙ্গে আরও দেখা যাবে আনন্দ দেবরাকোন্ডা এবং বিজয় অশ্বিনকেও। এছাড়া, রণবীর কাপুরের বিপরীতে “অ্যানিমেল” ছবিতেও অভিনয় করবেন রাশ্মিকা।



