Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

নুহাশের সঙ্গে ‘ভালো বোঝাপড়া’ সুনেরাহর

চলচ্চিত্রটিতে কাজের অভিজ্ঞতার কথা জানতে চাইলে অভিনেত্রী উল্লেখ করেছেন কাজে নির্মাতার যত্নের কথা 

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১২:২৭ এএম

দেশ-বিদেশে দারুণ সাড়া পেয়েছে নির্মাতা নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘‘মশারি''। এতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী ও মডেল সুনেরাহ বিনতে কামাল।

চলচ্চিত্রটিতে কাজের অভিজ্ঞতার কথা জানতে চাইলে অভিনেত্রী উল্লেখ করেছেন কাজে ‘‘নির্মাতার যত্নের কথা''। বলেছেন, ‘‘নির্মাতার সঙ্গে তার কাজের ভালো বোঝাপড়ার কথাও।''

দৈনিক পত্রিকা সমকালকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন অভিনেত্রী।

সুনেরাহ বিনতে কামাল বলেন, ‘‘মশারি' সিনেমাটি দেখে অনেকেই তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। এটি আন্তর্জাতিক মানের একটি কাজ। নির্মাতা নুহাশ হুমায়ূন বেশ যত্ন নিয়ে এটি নির্মাণ করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি প্রশংসিত হয়েছে। ওই উৎসবগুলোতে সবার মুখে প্রশংসা শুনেছি।''

চলচ্চিত্রটিতে কাজের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী বলেন, ‘‘নির্মাতা নুহাশ হুমায়ূনের অসাধারণ গল্প, ভাবনা ও কাজের প্রতি একাগ্রতা দেখে আমিও শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। নির্মাতার সঙ্গে কাজের বোঝাপড়াও ভালো। অনেক কিছু শিখতে পেরেছি। দৃশ্যধারণকালে অনেক পরিশ্রম হয়েছে। টানা পাঁচ দিন না ঘুমিয়ে শুটিং করেছি। দর্শক এটি গ্রহণ করেছেন, যে জন্য কষ্ট একটু হলেও সার্থক হয়েছে।''

‘‘জয় বাংলা ধ্বনি'' নামে এক সিনেমায় অভিনয়ের কথা জানিয়ে তিনি বলেন, ‘‘প্রথমত, এটি মুক্তিযুদ্ধের সিনেমা। এ ধরনের একটি সিনেমায় অভিনয়ের ইচ্ছা ছিল। আমি অনুদানের সিনেমায় কখনও কাজ করিনি। আমি যখন স্ক্রিপ্টটি পড়ছিলাম, তখন আব্বু জানতে চাইলেন সিনেমার গল্প কী নিয়ে। এটি মুক্তিযুদ্ধের গল্পের সিনেমা বলতেই আমাকে কাজটি করার ব্যাপারে সায় দিলেন। সবকিছু ব্যাটে-বলে মিলে গেল বলেই অভিনয়ে রাজি হয়েছি। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন নিরব। পরিচালনা করছেন খ ম খুরশীদ।''

সুনেরাহ বিনতে কামাল /ফেসবুক

আগামী নভেম্বরে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে বলেও জানান তিনি।

সুনেরাহ বিনতে কামাল বলেন, ‘‘আন্তর্জাল' নামে আরেকটি সিনেমার ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। আরও কিছু কাজ বাকি রয়েছে। নভেম্বরে বাকি কাজগুলো করব। বাণিজ্যিক সিনেমায় এটিই আমার প্রথম কাজ। এখানে আমি রোবটিক্সের শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য চেষ্টার কোনো কমতি ছিল না। রোবটিক্স ল্যাবে গিয়েছি বহুবার। সেখানকার শিক্ষার্থীর সঙ্গে কথা বলে সবকিছু জানার চেষ্টা করেছি। শুটিংয়ের আগে নির্মাতা দীপঙ্কর দীপন চরিত্রটি নিয়ে ভাবতে সময় দিয়েছেন।''

বর্তমানে সিনেমা ও ওয়েব মাধ্যমের কাজ নিয়েই ব্যস্ত সময় কাটছে এই অভিনেত্রীর। তিনি বলেন, ‘‘সম্প্রতি অ্যাপেক্সের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। জিঙ্গেলবেইজড বিজ্ঞাপনটির নির্দেশনা দিয়েছেন রাসেল সিকদার। শিগগিরই এটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু হবে। এতে কাজের মধ্য দিয়ে বেশ বিরতির পর বিজ্ঞাপন ভুবনে ফেরা হয়েছে।''

‘‘ক্যারিয়ারের শুরুতে নাচ নিয়ে পরিকল্পনা ছিল'' জানিয়ে সুনেরাহ বিনতে কামাল বলেন, ‘‘অভিনয় ব্যস্ততার কারণে নাচে সময় দেওয়া একদমই হয়ে ওঠে না। আবার প্র্যাকটিস শুরু করব। সময় সুযোগ পেলে বিভিন্ন শোতেও অংশ নেব।''

সমালোচনাকে ইতিবাচকভাবে দেখেন ‘‘মশারি''র এই অভিনেত্রী। তিনি বলেন, ‘‘সমালোচনাকে অবশ্যই ইতিবাচকভাবে দেখি। তবে সমালোচনা গঠনমূলক হওয়া উচিত।''

কাজের সংখ্যা কমিয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘‘অহেতুক কাজের সংখ্যা বাড়িয়ে লাভ নেই- এমন ভেবেছি বলে নিজেই কাজ কমিয়ে দিয়েছিলাম। তবে এখন আমি সিদ্ধান্ত থেকে সরে এসেছি। অভিজ্ঞতার ঝুলিকে সমৃদ্ধ করার জন্য এখন থেকে বেশি বেশি কাজ করব। তাতে শিখতে পারব।''

নিজেকে পরিশ্রমী হিসেবে উল্লেখ করেন এই অভিনেত্রী। এজন্য যে কোনো কাজই মন দিয়ে করার চেষ্টা করেন বলেও জানান।

আর এভাবেই জীবনের বাকি সময়টা পাড়ি দিতে চান সুনেরাহ।

   

About

Popular Links

x