Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

অস্ত্রোপচারের টেবিলে পর্দার ‘মুজিব’

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করে প্রশংসায় ভাসছেন এ চিত্রনায়ক

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৬:১২ পিএম

কিছুদিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর “মুজিব: একটি জাতির রূপকার”। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করে চারদিক থেকে প্রশংসা কুড়াচ্ছেন আরিফিন শুভ। দর্শকের সঙ্গে বিভিন্ন প্রেক্ষাগৃহে গিয়ে বিশেষ মুহূর্ত ভাগাভাগি করে নিচ্ছিলেন এ অভিনেতা।

এদিকে, হঠাৎ করেই শুভকে ভর্তি হতে হয়েছে হাসপাতালে। অনেকদিন ধরেই এ চিত্রনায়ক পলিপাস সমস্যায় ভুগছেন। সিনেমার শুটিংয়ে ব্যস্ততার কারণে চিকিৎসার সুযোগ মেলেনি। কিন্তু বর্তমানে অবস্থা গুরুতর হওয়ায় অস্ত্রোপচারের জন্য ঢাকাই সিনেমার এ তারকাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে আরিফিন শুভ নিজেই এ কথা নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে শুভ বলেন, “বছরখানেক ধরে পলিপাস সমস্যায় ভুগছিলাম, গেল কয়েক মাসে সেটা জটিল হয়েছে। স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যায় জীবন কাবু হলেও ‘মুজিব’ ব্যস্ততায় সেভাবে চিকিৎসার সুযোগ হয়ে ওঠেনি।”

এ ঢালিউড অভিনেতা বলেন, “পরিস্থিতি এখন এতটাই কঠিন হয়েছে যে মঙ্গলবার বিকেলেই একটা মাইনর অপারেশন করাতে হচ্ছে। আগামী সপ্তাহেই আবার আপনাদের সঙ্গে সিনেমা হলে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।”

 

শুভর হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা এটাই প্রথম না। ২০২১ সালের মাঝামাঝি সময়েও এ চিত্রনায়ককে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তখন তিনি বডি ট্রান্সফরমেশন করতে গিয়ে চোট পান। চোট থেকে সেরে উঠতেও শুভর বেশ খানিকটা সময় লেগেছিল।

উল্লেখ্য, শ্যাম বেনেগালের পরিচালিত “মুজিব: একটি জাতির রূপকার” সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন চিত্রনায়ক আরিফিন শুভর পাশাপাশি বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিব রেনুর ভূমিকায় নুসরাত ইমরোজ তিশা ও প্রার্থনা ফারদিন দীঘি (রেনুর ছোটবেলার চরিত্রে), শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, শেরেবাংলা এ কে ফজলুল হকের ভূমিকায় শহীদুল আলম সাচ্চু, খন্দকার মোশতাক চরিত্রে ফজলুর রহমান বাবু, আব্দুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ, বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফুর রহমানের চরিত্রে চঞ্চল চৌধুরী, বঙ্গবন্ধুর মাতা সায়েরা খাতুনের চরিত্রে দিলারা জামান, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকীর আহমেদসহ শতাধিক অভিনয়শিল্পী কাজ করেছেন।

২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল। সংগীত পরিচালনায় শান্তনু মৈত্র।

   

About

Popular Links

x