ভক্তদের সঙ্গে যোগাযোগের জন্য চলচ্চিত্র জগতের প্রায় সব তারকাই আজকাল বিভিন্ন সোশ্যালমিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন। সেখানে বিভিন্ন পোস্টের মাধ্যমে কাজের পাশাপাশি ব্যক্তিগত বিষয়ও ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন অনেক তারকাই। তবে এ নিয়ে বিড়ম্বনাও কম নয়, প্রায়শই বিভিন্ন নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হতে হয় তাদের।
এই যেমন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ফেসবুক পোস্ট নিয়ে সবসময় এক অজানা এক ভয়ের মধ্যে থাকেন তিনি। কারও সঙ্গে ছবি পোস্ট করলেই নানা রকম মন্তব্য শুনতে হয় তাকে। বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করলেও ফেসবুকের অনুসারীরা ধরে নেন তিনি সুনেরাহর প্রেমিক।
সর্বশেষ গত সোমবার (১ জানুয়ারি) তরুণ পরিচালক নুহাশ হুমায়ূনের সঙ্গে ছবি পোস্ট করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান সুনেরাহ। যদিও সেই ছবিতে মন্তব্যের ঘর বন্ধ রেখেছিলেন সাধারণ ভক্তদের জন্য। তবে সেই ছবি নিয়ে অনেকেই নাটক ও সিনেমার বিভিন্ন গ্রুপে পোস্ট করেছেন। আর সেখানে অনেকেই নুহাশের সঙ্গে তার প্রেম চলছে কি-না; এমন মন্তব্য করেছেন।
ফেসবুকের এমন বিষয় এখন আর তেমন পাত্তা না দিলেও এটা নিয়ে সুনেরাহ বেশ বিরক্ত। এ বিষয়ে তিনি সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “এগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। এখন নুহাশ আমার মিডিয়ার সহকর্মী বলেই কি আপনারা জিজ্ঞাসা করছেন। কিন্তু মিডিয়ার বাইরের বন্ধুদের সঙ্গে ছবি দিলেও একইভাবে মন্তব্য করে। এখন সোশ্যাল মিডিয়ার কে কী বলছে, এগুলো ঘেঁটে কি লাভ আছে? মানুষ তো কত কিছুই বলে। ফেসবুক মানেই মানুষ যা ইচ্ছা বলতে, লিখতে পারবে। যে কারণে এখন ছবি পোস্ট করতেই বিরক্ত লাগে। বন্ধুদের সঙ্গে ছবি দিলেও ধরে নেয় বয়ফ্রেন্ড। পরে যা ইচ্ছা, তা–ই বলতে থাকে। এখানে স্বাধীনতা বলে কিছু নেই।”
সুনেরাহ বলেন, “আমি নুহাশের ‘মশারি’ স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেছি। সেটি বেশ কিছু উৎসব থেকে পুরস্কৃত হয়েছে। গতকাল ছিল নুহাশের জন্মদিন। তার সঙ্গে ছবিসহ ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানালে ক্ষতি কী? এখানে কার সঙ্গে কী বন্ধুত্ব, চেনাজানা হতে পারে না!”
কিছুদিন আগেও এক ব্যক্তি ফেসবুক থেকে সুনেরাহর ছবি ডাউনলোড করে নিজের তোলা বলে দাবি করেন। এরপর সেই ব্যক্তি সুনেরাহকেই অভিযুক্ত করে ফেসবুকে ক্লেইম করেন। এ বিষেয়ে সুনেরাহ প্রথম আলোকে বলেন, “আমার ছবি সেটা অন্য একজন আমার পোস্ট থেকে কপি করে আমাকে দোষী বানিয়েছে, ফেসবুকের কাছে অভিযোগ করেছে, আমি তার ছবি ব্যবহার করেছি। যা হওয়ার তা–ই! মার্চ পর্যন্ত আমি ফেসবুক পেজ ব্যবহার করতে পাবর না। আমার নিজের ছবি দিয়েই কপিরাইট ক্লেইম দিয়েছে। যে ক্লেইম করেছে, সে আবার আমাকে ব্লক করে রেখেছে। তাকেও ধরতে পারছি না। এখন কী করব, কিছুই করার নেই।”
তার আগেও সহশিল্পী শরীফুল রাজের সঙ্গে ব্যক্তিগত আড্ডার ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ার পরও বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় সুনেরাহকে। যা নিয়ে একেবারে কম জলঘোলা হয়নি।
সবমিলিয়ে বিরক্ত হয়ে ফেসবুকে মন্তব্য দেখা বন্ধ করেছেন এই অভিনেত্রী। তার মতে, এখনও অনেক ফেসবুক ব্যবহারকারী রয়েছেন, যাদের নিয়মিত কাজ মানুষকে বিপদে ফেলা। কেউ কেউ নিয়মিত অভিনয়শিল্পীদের অনুসরণ করে ওত পেতে থাকেন ক্ষতি করার জন্য।



