Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

শর্ত সাপেক্ষে উত্তরায় নাটক-সিনেমার শুটিং চলবে

২০ জুলাই উত্তরায় শুটিং বন্ধে হাউস মালিকদের চিঠি দেওয়া হয়েছিল

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৫:১০ পিএম

রাজধানী ঢাকার উত্তরা ৪ নম্বর সেক্টরে শুটিং কার্যক্রম বন্ধে হাউস মালিকদের নির্দেশ দিয়েছিল উত্তরা সেক্টর-৪ কল্যাণ সমিতি। রাস্তায় জনসমাগম, যান চলাচলে বিঘ্ন এবং বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রায় সমস্যা দেখা দেওয়ার অভিযোগ তুলে গত রবিবার (২০ জুলাই) হাউস মালিকদের এ-সংক্রান্ত একটি চিঠি দিয়েছিল সমিতি। তবে গতকাল শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় আয়োজিত এক আলোচনা সভায় এই বিষয়টির সমাধান হয়। আলোচনায় সমিতির সদস্য, হাউস মালিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং ছোট পর্দার বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু সংবাদমাধ্যম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘ছোট পর্দার সব সংগঠনের সমন্বয়ে গঠিত ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) দ্রুত একটি নীতিমালা প্রণয়ন করে কল্যাণ সমিতিতে জমা দেবে। সমিতির যেসব শর্ত আলোচনায় উঠেছে, তার সবই আমাদের খসড়া নীতিমালায় অন্তর্ভুক্ত রয়েছে। তাই আমি সমাধানে কোনো রকম জটিলতা দেখছি না। বরং এটিই হতে পারে ভবিষ্যত দিনের জন্য একটি গঠনমূলক দৃষ্টান্ত।’’

হাউস মালিক অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আসলাম হোসাইন সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, ‘‘সিদ্ধান্ত হয়েছে রাত ১১টার পর কোনো শুটিং করা যাবে না। পাশাপাশি রাস্তায় বা আউটডোরে শুটিং করলে যানজট ও জনভোগান্তির বিষয়টি মাথায় রাখতে হবে।”

এ বিষয়ে হাউস মালিক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা খলিলুর রহমান বলেন, ‘‘এফটিপিও থেকে যেসব নিয়মনীতি আমাদের দেওয়া হবে, আমরা তা অনুসরণ করেই কাজ করব। আবাসিক এলাকায় যেন কারও অসুবিধা না হয়, সেই অনুযায়ী হাউস পরিচালনা করা হবে।’’

এর আগে গত ২০ জুলাই উত্তরা সেক্টর-৪ কল্যাণ সমিতি থেকে দেওয়া চিঠিতে বলা হয়, “আপনার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আবাসিক এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিং হাউজ পরিচালনা করা সম্পূর্ণ আবাসিক নীতিমালার পরিপন্থী। ফলে এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং সেক্টরবাসীর ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। সেক্টরবাসীর ক্রমবর্ধমান অভিযোগ ও সবার নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশের কথা বিবেচনা করে আপনাকে অনুরোধ করা যাচ্ছে যে, অনতিবিলম্বে এই শুটিং কার্যক্রম বন্ধ রাখবেন এবং শুটিং হাউজ হিসেবে ভাড়া দেওয়া থেকে বিরত থাকবেন। সেক্টরের শান্তিপূর্ণ পরিবেশ পুনরুদ্ধারে আপনার দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি।”

সব শেষে চিঠিতে বলা হয়েছে, “আমরা সবাই জানি উত্তরা চার নম্বর সেক্টর একটি আদর্শ, পরিবেশ বান্ধব ও শান্তিপূর্ণ আবাসিক এলাকা হিসেবে পুরো উত্তরার ভেতর পরিচিতি লাভ করেছে। অতএব এই সুনাম অক্ষুন্ন রাখার জন্য আপনার আন্তরিক সহযোগিতা একান্তকাম্য।”

উত্তরা সেক্টর ৪ এলাকায় তিনটি শুটিং হাউস রয়েছে- লাবণী-৪, লাবণী-৫ ও আপনঘর-২।

 

   

About

Popular Links

x