বিশেষ আয়োজন কিংবা অতিথি আপ্যায়নে কাবাবের কদর সবসময়ই আলাদা। আর সেটি যদি হয় গরুর মাংসের ঝাল-মসলাদার কাবাব, তাহলে তো স্বাদের মাত্রা আরও কয়েকগুণ বেড়ে যায়। ঘরেই সহজ উপায়ে তৈরি করা যায় সুস্বাদু স্পাইসি বিফ কাবাব, যা পরিবেশন করা যায় নাস্তা, পার্টি কিংবা রাতের খাবারের সঙ্গেও। মচমচে বাইরের স্তর আর ভেতরের নরম মসলাদার স্বাদ সবাইকে মুগ্ধ করবে সহজেই।
এই কাবাব তৈরির জন্য লাগবে আধা কেজি হাড়ছাড়া গরুর মাংস, ২ কাপ ছোলার ডাল বা বুটের ডাল, ১ টেবিল চামচ করে আদা ও রসুন বাটা, ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি, ২ টেবিল চামচ কাঁচা মরিচ কুচি, ৪টি শুকনা মরিচ, পরিমাণমতো লবণ, আধা চা চামচ গোল মরিচের গুঁড়া, আধা চা চামচ গরম মসলার গুঁড়া, ১টি ডিম এবং ভাজার জন্য প্রয়োজনমতো তেল।
প্রথমে গরুর মাংস ছোট টুকরো করে কিমা করে নিতে হবে। এরপর প্রেশার কুকারে ২ কাপ পানির সঙ্গে মাংসের কিমা, ছোলার ডাল, আদা-রসুন বাটা, শুকনা মরিচ, গরম মসলার গুঁড়া ও লবণ একসঙ্গে দিয়ে ভালোভাবে সেদ্ধ করতে হবে। পানি শুকিয়ে গেলে এবং মাংস ও ডাল নরম হয়ে এলে মিশ্রণটি ব্লেন্ডার বা শিলপাটায় মিহি করে বেটে নিতে হবে।
এরপর সেই মিশ্রণের সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, গোল মরিচের গুঁড়া, ডিম ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মেখে কাবাবের মিশ্রণ তৈরি করতে হবে। তারপর পছন্দমতো আকারে কাবাব গড়ে নিতে হবে।
সবশেষে ফ্রায়িং প্যানে তেল গরম করে মাঝারি আঁচে কাবাবগুলো এপিঠ-ওপিঠ করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন তাপ বেশি না হয়, কারণ অতিরিক্ত আঁচে কাবাব পুড়ে যেতে পারে। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু গরুর মাংসের স্পাইসি কাবাব।



