আমরা যা খাই তা মূলত লিভারের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। অনেক সুস্বাদু এবং সহজলভ্য খাবার রয়েছে যেগুলো লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। প্রতিদিন এসব খাবার খেলে লিভারের বিভিন্ন অসুখ থেকে দূরে থাকা সহজ হবে।
চলুন জেনে নেওয়া যাক লিভার ভালো রাখতে যে খাবারগুলো খাবেন।
ক্রুসিফেরাস সবজি
ব্রোকলি, ফুলকপি, ব্রাসেলস স্প্রাউট এবং কেল গ্লুকোসিনোলেটে সমৃদ্ধ, যা লিভারকে ডিটক্সিফিকেশন এনজাইম তৈরি করতে সাহায্য করে থাকে। এই এনজাইমগুলো শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই সবজিগুলো নিয়মিত খাদ্যতালিকায় যোগ করুন।
রসুন
রসুনে অ্যালিসিন এবং সেলেনিয়াম নামক যৌগ থাকে, যা লিভারের স্বাস্থ্যের জন্য ভালো রাসায়নিক। অ্যালিসিন লিভার পরিষ্কার করতে সাহায্য করে, অন্যদিকে সেলেনিয়াম একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভারের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। রসুন লিভারের এনজাইমগুলোকেও উদ্দীপিত করতে পারে যা বিষাক্ত পদার্থ পরিষ্কার করতে সাহায্য করে।
বাদাম
কাঠ বাদাম, আখরোট এবং চিনা বাদাম স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার একটি উৎস। এগুলো প্রদাহ কমাতে, অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে এবং লিভারের এনজাইমের অবস্থা উন্নত করতে সক্ষম। ক্যালোরি বেশি থাকায় এগুলো পরিমিত খেতে হবে।
বেরিজাতীয় ফল
ব্লুবেরি, রাস্পবেরি, স্ট্রবেরি এবং ক্র্যানবেরি অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ। এগুলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার উৎস। এই বেরিজাতীয় ফল লিভারকে ক্ষতি থেকে রক্ষা করে, প্রদাহ কমায় এবং লিভারের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। এ ধরনের ফল নিয়মিত খেতে পারেন।
গ্রিন টি
গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্টের জন্য বিখ্যাত, বিশেষ করে ক্যাটেচিন। এই যৌগ লিভারের এনজাইমের মাত্রা উন্নত করতে, অক্সিডেটিভ স্ট্রেস এবং লিভারে চর্বি জমা কমাতে সাহায্য করে থাকে। নিয়মিত গ্রিন টি পান করলে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এবং অন্যান্য লিভারের রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে।



