আধুনিক জীবনের ব্যস্ততার কারণে রাতের খাবারের সময় প্রতিদিন পিছিয়ে যাচ্ছে। অফিসের কাজ বা সামাজিক যোগাযোগমাধ্যম - এইসবের মধ্যেই রাত ৯টার পর বা আরও দেরিতে রাতের খাবার খাওয়া অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু জানেন কি, এই একটি অভ্যাসই অজান্তে ডেকে আনছে একাধিক স্বাস্থ্যঝুঁকি?
শরীরের ছন্দে বাঁধা বিপাকক্রিয়া
আমাদের শরীরের প্রত্যেকটি কাজ চলে একটি নির্দিষ্ট ছন্দে। রাতের বেলা বিপাকক্রিয়ার গতি কমে যায়। তাই দেরিতে খেলে খাবার হজমে বেশি সময় লাগে, ফলে তৈরি হয় বদহজম, অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা। পেট ভরা অবস্থায় ঘুমাতে গেলে ভালো ঘুমও হয় না। অনেকেই মাঝরাতে বুক জ্বালার মতো সমস্যায় ভোগেন।
ওজন ও ডায়াবিটিসের ঝুঁকি
রাতে খাওয়া দেরি হলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমতে থাকে। কারণ রাতে আমরা সাধারণত কম পরিশ্রম করি, ফলে খাবার থেকে পাওয়া ক্যালোরি পোড়ে না। এতে ওজন বাড়ে, ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে ডায়াবিটিসের ঝুঁকিও তৈরি হয়।
হরমোনের ভারসাম্য নষ্ট
রাতে দেরিতে খাওয়ার কারণে কর্টিসল ও ইনসুলিনের মাত্রা অস্বাভাবিক হয়ে যায়। এর প্রভাব পড়ে মেজাজের ওপরও। বিশেষত মেয়েদের হরমোন ভারসাম্যে সমস্যা হয়, পিরিয়ডের সময়ে শারীরিক অস্বস্তি আরও বাড়তে পারে।
সমাধান–শুধু সময়মতো খাওয়া
ডাক্তাররা বলছেন, রাতে ঘুমানোর অন্তত ৩-৪ ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নেওয়া উচিত। যারা এই নিয়ম মানেন, তারা শুধু হজমের সমস্যা থেকে নয়, ওজন ও হরমোনজনিত সমস্যার হাত থেকেও রক্ষা পান।
সুস্থ ও স্বাভাবিক জীবনের জন্য কোনো বড় পরিবর্তন নয় - শুধু রাতের খাবারের সময়টুকু ঠিক করাই যথেষ্ট। আজ থেকেই এই ছোট্ট অভ্যাসে বদল আনুন, শরীর ও মনের স্বাস্থ্য ঠিক থাকবে।



