টানা দুই দিন দরপতনের পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এবং শীর্ষ ব্যবহারকারী দেশ যুক্তরাষ্ট্রে তেলের মজুত কমে যাওয়ার কারণে বিশ্ববাজারে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এই দাম বেড়েছে।
বৃহস্পতিবার (২১ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
বাজার বিশ্লেষণ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার দিবাগত রাত থেকে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করে। আন্তর্জাতিক বাজারে তেলের আদর্শ মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’ বা অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম দাঁড়িয়েছে ১০৫ দশমিক ৮৩ মার্কিন ডলারে।
একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারের মানদণ্ড ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই) ক্রুড তেলের দামও পাল্লা দিয়ে বেড়েছে। ডব্লিউটিআই তেলের দাম ব্যারেলপ্রতি ৯৭ সেন্ট বা শূন্য দশমিক ৯৯ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ২৩ মার্কিন ডলারে লেনদেন হচ্ছে, যা প্রায় ১০০ ডলারের কাছাকাছি।
বাজার বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আকস্মিক বাড়ার পেছনে দুটি প্রধান কারণ কাজ করছে। প্রথমত, ইরানের সাম্প্রতিক যুদ্ধবিরতি বা শান্তি প্রস্তাব নিয়ে তৈরি হওয়া চরম অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্যে যেকোনো ধরনের বড় সংঘাত বা উত্তেজনা তৈরি হলে তা হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে তেলের বিশ্বব্যাপী সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে, এমন আশঙ্কায় বুকিং বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।



