যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করে” জারি করা আদেশের বিরুদ্ধে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
বিবিসি বলছে, মঙ্গলবার (৩০ জুন) নিম্ন আদালতের সিদ্ধান্তটি বহাল রেখেছেন যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের দেওয়া ওই রায়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে বা সাময়িকভাবে বসবাসরত মা-বাবার ঘরে জন্ম নেওয়া সন্তানরাও দেশটির সংবিধান অনুযায়ী “জন্মসূত্রে নাগরিক”।
ট্রাম্পের আদেশটি যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর সঙ্গে সাংঘর্ষিক বলেও ওই রায়ে ঘোষণা করা হয়েছে। ফলে এক শতাব্দীরও বেশি সময় ধরে কার্যকর জন্মসূত্রে নাগরিকত্বের সাংবিধানিক নীতিই বহাল থাকছে।
গত বছর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে মা-বাবা যুক্তরাষ্ট্রের স্থায়ী বা বৈধ নাগরিক নাহলে দেশটিতে জন্ম নেওয়া শিশুর নাগরিকত্বের স্বীকৃতি পাবে না বলে নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প। বৈধ ও অবৈধ অভিবাসনের ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেন তিনি।



