সুদানের দারফুরে একটি গণকবর থেকে অন্তত ৮৭ জনের মরদেহ পাওয়া গেছে। আর এ ঘটনায় দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস ও তাদের সহযোগীরা দায়ী বলে জানিয়েছে জাতিসংঘ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সংস্থাটির মানবাধিকার কমিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, ২০-২১ জুনের মধ্যে শহরের কাছে একটি খোলা জায়গায় একটি অগভীর কবরে নারী ও শিশুদের মরদেহগুলো ফেলতে বাধ্য করা হয়েছিল স্থানীয়দের। নিহতদের মধ্য অনেকেই বিনা চিকিৎসায় মারা গেছে।
মানবাধিকারবিষয়ক জাতিসংঘের হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, “আমি বেসামরিক নাগরিকদের হত্যা এবং সামরিক কর্মকর্তাদের কঠোর ভাষায় নিন্দা জানাই। নিহতদের পরিবার ও সম্প্রদায়ের সঙ্গে যে নির্মম ও অসম্মানজনক আচরণ করা হয়েছিল তা ভয়াবহ।”
তিনি এ ঘটনার দ্রুত এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানান।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় ওএইচসিএইচআর জানিয়েছে, গত ১৩ থেকে ২১ জুনের মধ্যে পশ্চিম দারফুর রাজ্যের রাজধানী এল-জেনিনাতে ওই ৮৭ জনকে হত্যা করা হয় এবং আরএসএফ স্থানীয়দের নির্দেশ দেয় নিহতদের শহরের বাইরে সমাহিত করতে।
গত ১৫ এপ্রিল থেকে আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে সুদানের সেনাবাহিনী সাবেক ডেপুটি মোহাম্মদ হামদান দাগলোর নেতৃত্বাধীন আরএসএফের সঙ্গে লড়াইয়ে নামে। তাদের লড়াইয়ে সুদানে মানবিক সংকট তৈরি হয়েছে, হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
সুদানের গৃহযুদ্ধ থামাতে ইতোমধ্যে বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, আফ্রিকান ইউনিয়ন, মিশর এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। এসব উদ্যোগে গত কয়েক মাসে বেশ কয়েকবার যুদ্ধবিরতিও ঘোষণা করেছে সেনাবাহিনী-আরএসএফ। কিন্তু এখন পর্যন্ত দেশটির সার্বিক পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি।



