Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এরদোয়ান: ভারত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হলে গর্ববোধ করব

জি-২০ শীর্ষবৈঠকে এসে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও জানিয়েছেন, জাতিসংঘের স্থায়ী সদস্য হওয়ার জন্য ভারতের দাবি তিনি সমর্থন করেন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০১ পিএম

জি-২০ বৈঠকে যোগ দিতে দিল্লি এসেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। রবিবার (১০ সেপ্টেম্বর) তিনি সাংবাদিক সম্মেলনও করেন। সেখানে তাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হওয়ার বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে এরদোয়ান বলেন, “ভারতের মতো দেশ যদি নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হতে পারে, তাহলে আমি গর্ববোধ করব। আপনারা জানেন, বিশ্ব পাঁচটা দেশের তুলনায় অনেক বড় ও ব্যাপক।”

পাঁচ দেশ বলতে এরদোয়ান এখানে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী দেশের কথা বলেছেন। জি-২০ শীর্ষবৈঠকে এসে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও জানিয়েছেন, জাতিসংঘের স্থায়ী সদস্য হওয়ার জন্য ভারতের দাবি তিনি সমর্থন করেন।

এরদোয়ান বলেছেন, “পাঁচটি স্থায়ী সদস্য দেশের বাইরে থাকা বাকি সব দেশ যাতে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে পারে, সেজন্য রোটেশন পদ্ধতি চালু করা উচিত। তাহলে সকলের সামনেই সুযোগ আসবে।”

তার ব্যাখ্যা, “নিরাপত্তা পরিষদ মানে তো শুধু যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য নয়। তার বাইরের সব দেশকে গুরুত্ব দিতে হবে। দক্ষিণ এশিয়ায় ভারত হলো তুরস্কের সবচেয়ে বড় বাণিজ্যিক সহযোগী। দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর অনেক সুযোগ ও সম্ভাবনা আছে।”

জি-২০ শীর্ষবৈঠকের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এরদোয়ান। তারপর তিনি জানিয়েছেন, আর্থিক ও অন্য ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়বে বলে তিনি মনে করেন।

এছাড়া এরদোয়ান জার্মান চ্যান্সেলর শলৎস ও মিশরের প্রেসিডেন্ট আল-সিসির সঙ্গেও বৈঠক করেছেন।

   

About

Popular Links

x