ইরানে কারাবন্দি মানবাধিকার কর্মী নার্গেস মোহাম্মাদির (৫১) পক্ষে নোবেল পুরস্কার গ্রহণ করেছেন তার দুই সন্তান।
রবিবার (১০ ডিসেম্বর) নরওয়ের অসলোতে নার্গেস মোহাম্মাদির ১৭ বছর বয়সী দুই জমজ সন্তানের হাতে নোবেল শান্তি পুরস্কার তুলে দেওয়া হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এই অনুষ্ঠানে নার্গেস মোহাম্মাদির জন্য তার দুই সন্তানের আসনের মাঝখানে একটি ফাঁকা চেয়ার রাখা হয়। এদিন সাহিত্য, রসায়ন, পদার্থ ও অর্থনীতিতে নোবেলজয়ীদেরও পুরস্কার তুলে দেওয়া হয়।
ইরানে নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এ বছর শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন দীর্ঘদিন যাবৎ কারাবন্দি নার্গেস মোহাম্মাদি। বর্তমানে তিনি তেহরানের একটি কারাগারে রয়েছেন।
নোবেল পুরস্কার নেওয়ার সময় নার্গেস মোহাম্মাদির মেয়ে কিয়ানা রহমানি ও ছেলে আলি রহমান মায়ের পক্ষ থেকে ভাষণ দেন। এই ভাষণটি তাদের মা কারাগার থেকে পাঠান।
১০ বছরের সাজাপ্রাপ্ত এই নোবেলজয়ী জেল থেকে বলেছেন, “ইরানের বাসিন্দারা দমন-পীড়ন ও কর্তৃত্ববাদকে অবশ্যই জয় করবে।”
এ পর্যন্ত ১৩ বার গ্রেপ্তার হয়েছেন নার্গেস মোহাম্মাদি। পাঁচবার দোষী সাব্যস্ত হয়েছেন এবং ৩১ বছরের কারাদণ্ড পেয়েছেন। বর্তমানে তিনি কারাভোগ করছেন প্রোপাগান্ডা ছড়ানোর দায়ে।
নার্গেসের স্বামী তাঘি রাহমানি একজন রাজনৈতিক কর্মী। তিনি নির্বাসিত হয়ে দুই সন্তান নিয়ে প্যারিসে বসবাস করেন। গত কয়েক বছর ধরে নার্গেসের সঙ্গে তাদের দেখা করার সুযোগ মেলেনি।



