কেনিয়ায় শিশুসহ ১৯১ জনকে হত্যার ঘটনায় ধর্মগুরু পল এনথেঞ্জ ম্যাকেঞ্জি ও তার ২৯ সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
ভারত মহাসাগরের নিকটবর্তী উপকূলীয় শহর মালিন্দির একটি আদালতে এ অভিযোগ আনা হয়। যদিও অভিযুক্তরা সব অভিযোগ অস্বীকার করেছেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
২০২৩ সালের এপ্রিলে দেশটির উপকূলীয় শহর মালিন্দির কাছে শাকাহোলা বনে বেশ কিছু কবরের খোঁজ মেলে। সেখান থেকে নারী ও শিশুসহ বহু মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় জানা যায়, তারা ‘‘অনাহারে মৃত্যুবরণ’’ করেছেন।
অভিযোগে বলা হয়, তিনি তার অনুসারিদের ‘‘যিশুখ্রিস্টের সঙ্গে মিলিত হতে’’ অনাহারে থাকতে বলেছিলেন।
নিজেদের অনাহারে রেখে পরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, সন্দেহভাজন এমন চারজনের লাশ উদ্ধারের পর ২০২৩ সালের ১৫ এপ্রিল ম্যাকেঞ্জিকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই ধর্ম প্রচারক তিনটি গ্রামকে নাজারেথ, বেথেলহেম ও জুডিয়া নামে নামকরণ করেছিলেন এবং অনুসারীদের পুকুরে নিয়ে ব্যাপ্টটাইজ করার পর অনাহারে থাকতে বলতেন। এতেই ওই হতভাগ্যদের মৃত্যু হয়।
উদ্ধার করা মরদেহের ময়নাতদন্ত থেকে জানা যায়, ৪২৯ জনই অনাহারে মারা গেছেন। আর শিশুসহ অন্যদের শ্বাসরোধ, মারধর বা শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করা হয়।
কেনিয়া একটি ধর্মপ্রবণ দেশ এবং এর আগেও সেখানে এ ধরনের বিপজ্জনক, অনিয়ন্ত্রিত গির্জা অথবা কাল্টে প্রলুব্ধ হওয়ার ঘটনা ঘটেছে।



