ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুক্রবার থেকে মন্দিরটিতে বৈকুণ্ঠ একাদশীর দর্শন শুরু হবে। বিনামূল্যে দর্শনের জন্য কর্তৃপক্ষ এক লাখ ২০ হাজার টোকেন বিতরণ করার ব্যবস্থা করেছিল। এই টোকেন সংগ্রহের জন্য হাজার হাজার মানুষ হাজির হয়েছিলেন।
বুধবার (৮ জানুয়ারি) রাতের এ ঘটনায় ৪০ জনেরও বেশি আহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে টোকেন বিতরণের জন্য কর্তৃপক্ষ মন্দিরের নিকটবর্তী একটি স্কুলে কাউন্টার বসিয়েছিল। কিন্তু বুধবার সকাল থেকেই কাউন্টারের সামনে লোকজন ভিড় জমাতে শুরু করে। সন্ধ্যা গড়াতে গড়াতে সেখানে দীর্ঘ লম্বা লাইনে চার পাঁচ হাজার মানুষ জমে যায়।
এই জমায়েত এক সময় অধৈর্য হয়ে ঠেলা ধাক্কা শুরু করে যা এক পর্যায়ে হুড়োহুড়িতে পরিণত হয়। এ সময় ভিড়ের চাপে অনেক পড়ে গিয়ে পদদলিত হন। এতে অন্তত ছয়জনের মৃত্যু ও ৪০ জনের বেশি মানুষ আহত হন।
প্রায় দুই হাজার বছরের পুরনো মন্দিরটির ভিড় সামলানোর ব্যবস্থা বহুল প্রশংসিত ছিল। কিন্তু এবার সেখানেও পদদলনে প্রাণহানির ঘটনা ঘটল।
প্রাণহানির এ ঘটনায় ক্ষমা প্রার্থনা করে মন্দির কর্তৃপক্ষ বলেছে, তাদের হিসাবের চেয়েও অনেক বেশি মানুষ জড়ো হওয়ায় অনাকাঙ্ক্ষিত এ ঘটনাটি ঘটেছে।



